•
Home কলকাতা ৭২ ইঞ্চির পাইপ ফেটে টালায় জল-তাণ্ডব! স্তব্ধ দূরপাল্লার ট্রেন, উত্তর থেকে দক্ষিণ কলকাতায় ব্যাপক জলসংকটের ভয়াবহ আশঙ্কা
কলকাতাTop-News

৭২ ইঞ্চির পাইপ ফেটে টালায় জল-তাণ্ডব! স্তব্ধ দূরপাল্লার ট্রেন, উত্তর থেকে দক্ষিণ কলকাতায় ব্যাপক জলসংকটের ভয়াবহ আশঙ্কা

Share
হিডেন স্টোরিজ নিউজ
পাইপ ফেটে মহাশঙ্কট
Share

কলকাতা: কালীপুজোর আবহ কাটতে না কাটতেই সোমবার সকালে অভূতপূর্ব জল-বিপর্যয়ে ছারখার উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা। সকাল সাড়ে আটটা নাগাদ টালা রেলগেটের কাছে বিকট শব্দে ফেটে যায় ব্রিটিশ আমলের সুবিশাল ৭২ ইঞ্চি ব্যাসের এক প্রধান ভূগর্ভস্থ পানীয় জলের পাইপলাইন। মুহূর্তের মধ্যে রাজপথে আছড়ে পড়ে লক্ষ লক্ষ গ্যালন জল। হু হু করে জল ঢুকে বনমালী সরকার স্ট্রিটসহ আশপাশের সমস্ত এলাকা হাঁটু জলে তলিয়ে যায়। দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় জলবন্দি ও অন্ধকারের মধ্যে কার্যত দিশাহারা হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

মাটির তলার এই সুবিশাল পাইপ ফেটে জল সোজাসুজি কলকাতা স্টেশন সংলগ্ন স্টেবল ইয়ার্ড এবং চক্ররেলের লাইনে জমে যায়। ফলে শিয়রে সমন এসে দাঁড়ায় পূর্ব রেলের ওপর। স্তব্ধ হয়ে যায় চক্ররেল চলাচল। সেই সঙ্গে কলকাতা স্টেশন থেকে ছাড়ার অপেক্ষায় থাকা বালুরঘাট এক্সপ্রেস, কাজিরাঙা এক্সপ্রেস, আজমগড় এক্সপ্রেস এবং জম্মু তাওয়াই এক্সপ্রেসের মতো চারটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের সময়সূচি দু’দফায় পিছিয়ে দিতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। ব্যস্ত কাজের দিনে আচমকা ট্রেনের সময় পিছানোয় চরম বিপাকে পড়েন দূরদূরান্তের হাজার হাজার ট্রেনযাত্রী।

আরও পড়ুন : টালা ট্যাঙ্কের পাইপ ফেটে জল থইথই উত্তর কলকাতা!

অন্যদিকে, টালা জলাধারের প্রধান পাইপে ফাটল ধরায় এক বিশাল অঞ্চলে দেখা দিয়েছে তীব্র পানীয় জলের সংকট। কলকাতা পুরসভার তরফে জরুরি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, রাজাবাজার, পার্ক সার্কাস, এজেসি বোস রোড, কলেজ স্ট্রিট চত্বর, বিধান সরণি থেকে শুরু করে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ও কসবায় জল সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে জলসংকট কিছুটা সামাল দিতে বিকল্প পাইপলাইনগুলো সক্রিয় করা হয়েছে বলে দাবি পুর প্রশাসনের।

খবর পাওয়ার পরপরই জরুরি বৈঠকে বসেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং যুদ্ধকালীন তৎপরতায় পাইপ মেরামতের জন্য নির্দেশ জারি করেন তিনি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পাম্প বসিয়ে জল বের করার কাজ শুরু করেছেন পুরসভার ইঞ্জিনিয়াররা। কিন্তু শতবর্ষ প্রাচীন এই ব্রিটিশ পাইপলাইন কাঠামোগত দুর্বলতার কারণে ফেটেছে নাকি অতিরিক্ত জলের চাপে, তা পরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞরা। পুর কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলেও তিলোত্তমাবাসীর কপালের চিন্তার ভাঁজ কিন্তু থেকেই যাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *