কলকাতা: ভাইফোঁটার সকালে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা বিমানবন্দর। অফিসের কাজে ইচ্ছার বিরুদ্ধে আফ্রিকায় যাওয়া আটকাতে আস্ত একটি বিমান হাইজ্যাকের ভুয়ো হুমকি দিয়ে বসলেন এক যাত্রী। এই চাঞ্চল্যকর ঘটনায় বিমানবন্দর জুড়ে তীব্র আতঙ্ক ছড়ায় এবং শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন সোদপুরের বাসিন্দা বছর পঞ্চান্নর পার্থপ্রতীম নন্দী।
ঘটনার সূত্রপাত বুধবার সকালে। কলকাতা বিমানবন্দর থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান তখন আকাশে ওড়ার জন্য একেবারে প্রস্তুত। বিমানে থাকা ১০৫ জন যাত্রীই নিজের নিজের আসনে বসে পড়েছেন, পাইলটও চূড়ান্ত সংকেতের অপেক্ষায়। ঠিক সেই মুহূর্তেই এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি থেকে জরুরি বার্তা আসে পাইলটের কাছে। জানানো হয়, বিমানটিতে হাইজ্যাক অ্যালার্ট জারি হয়েছে। জানা যায়, বিমানের শৌচাগার থেকে একটি রহস্যময় চিরকূট উদ্ধার হয়েছে, যেখানে ইংরেজি হরফে লেখা ছিল বিমানটি হাইজ্যাক করা হবে।
আরও পড়ুন : হাইজ্যাকের হুমকি! কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ও বিমান অপহরণের চক্রান্তে তীব্র চাঞ্চল্য
হুমকিবার্তার খবর মিলতেই মুহূর্তের মধ্যে বদলে যায় গোটা বিমানবন্দরের চিত্র। সাময়িকভাবে বাতিল করে দেওয়া হয় উড়ানটি। নিরাপত্তার স্বার্থে পাইলট বিমানটিকে তড়িঘড়ি মূল রানওয়ে থেকে সরিয়ে আইসোলেশন বে-তে নিয়ে যান। বিমানে থাকা সমস্ত যাত্রীকে দ্রুত নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এমন আকস্মিক ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
এরপরই ঘটনার তদন্তে নামে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির আধিকারিকরা। রহস্য ভেদ করতে বিমানে থাকা ১০৫ জন যাত্রীর প্রত্যেকের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনার সঙ্গে চিরকূটের হাতের লেখা মিলিয়ে দেখতেই সামনে আসে আসল সত্যি। তদন্তকারীরা লক্ষ্য করেন, মানিব্যাগের ভেতরে থাকা এক টুকরো কাগজে ইংরেজি ব্লক লেটারে ওই হুমকিবার্তা লেখা হয়েছিল। হাতের লেখার সূত্র ধরেই প্রাথমিক তদন্তে আটক করা হয় সোদপুরের বাসিন্দা পার্থপ্রতীম নন্দীকে।
পরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন ওই প্রৌঢ় এবং নিজের অপরাধ স্বীকার করে নেন। জেরায় তিনি জানান, অফিস থেকে তাঁকে জোর করে আফ্রিকার একটি দেশে পাঠানো হচ্ছিল। কিন্তু তিনি কিছুতেই সেখানে যেতে চাইছিলেন না। তাঁর ধারণা ছিল, বিমানে হাইজ্যাকের হুমকি দিলে উড়ান বাতিল হয়ে যাবে, আর তাতে তাঁর আফ্রিকা যাত্রাও আটকে যাবে। সেই অদ্ভুত ফন্দি আঁটতেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। স্বীকারোক্তির পরই অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করে পুলিশ।
Leave a comment