হিমাচল প্রদেশ: প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে গিয়ে মাঝ-আকাশ থেকে ভয়াবহভাবে নিচে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো গ্রেটার নয়ডার এক যুবকের। হিমাচল প্রদেশের বিখ্যাত প্যারাগ্লাইডিং স্পট বির বিলিংয়ে গত মঙ্গলবার এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম শুভম দোবলিয়াল (বয়স আনুমানিক তিরিশের কোঠায়), যিনি ওএনজিসি-র (ONGC) মতো একটি স্বনামধন্য সংস্থায় কর্মরত ছিলেন। ভাইবোনদের সঙ্গে ছুবি কাটাতে হিমাচলে গিয়ে এই দুর্ঘটনায় যুবকের প্রাণ হারানোর ঘটনায় গোটা পরিবার তথা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার ভাইবোনদের নিয়ে মোট পাঁচ জনের একটি দল হিমাচলে বেড়াতে গিয়েছিল। তাঁদের মধ্যে প্যারাগ্লাইডিং করার প্রবল শখ ছিল শুভমের। সেই শখ থেকেই তাঁরা বির বিলিংয়ে পৌঁছান। নির্দিষ্ট নিয়ম মেনেই মঙ্গলবার বিকেল চারটে নাগাদ প্যারাগ্লাইডিং শুরু করেন শুভম। তাঁর সঙ্গে পাইলট হিসেবে ছিলেন বিনয় কুমার নামের এক ব্যক্তি। সবার আগে আকাশে ওড়েন শুভমই। কিন্তু অভিযোগ, আকাশে ওড়ার মাত্র কিছুক্ষণের মধ্যেই প্যারাশুটের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। কয়েকশো ফুট উঁচুতে থাকা অবস্থাতেই হঠাৎ মাঝ-আকাশ থেকে সজোরে মাটিতে আছড়ে পড়েন শুভম।
আরও পড়ুন : ঠাকুরদার সম্পত্তিতে কি জন্মগত অধিকার আছে নাতির?
শুভমের বোন বংশিকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা সকলেই সেই সময় প্যারাগ্লাইডিং করার প্রস্তুতি নিচ্ছিলেন। আচমকাই তাঁরা দেখতে পান শুভম আকাশ থেকে নিচে পড়ে যাচ্ছেন। এর পরেই শুভমের সঙ্গে থাকা ওই পাইলটও তাঁদের বিষয়টি জানান। মুহূর্তের মধ্যে আনন্দঘন পরিবেশ পরিণত হয় উৎকণ্ঠায়। এরপর পরিবারের সদস্যরা এবং স্থানীয় প্রশাসন মিলে রাতভর পাহাড়ি জঙ্গলে তল্লাশি চালিয়ে ঘরাড়ি ধর এলাকা থেকে শুভমের নিথর দেহ উদ্ধার করে।
এদিকে এই মর্মান্তিক মৃত্যুর পেছনে চরম গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার। পরিবারের দাবি, শুভমের কাছে একটি গোপ্রো ক্যামেরা ছিল, যা দুর্ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি, যে পাইলট ওই ফ্লাইটে ছিলেন, তাঁর গোপ্রো ক্যামেরাতেও শুভমের পড়ে যাওয়ার মুহূর্তটি পরিষ্কার রেকর্ড হওয়ার কথা। কিন্তু পরিবারের অভিযোগ, সেই ভিডিও বা ক্যামেরাটি দেখাতে স্পষ্ট অস্বীকার করছেন ওই পাইলট। শুভমের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট পাইলটের বিরুদ্ধে পুলিশে মামলা রুজু করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিয়ে এই ঘটনায় ফের একপ্রস্ত প্রশ্নচিহ্ন উঠেছে।
Leave a comment