•
Home Uncategorized বৃষ্টির ভ্রুকুটি এড়িয়ে সপ্তাহান্তেই কি তবে বঙ্গে পাকাপাকি শীতের এন্ট্রি? জানাল হাওয়া অফিস
Uncategorizedকলকাতাপশ্চিমবঙ্গ

বৃষ্টির ভ্রুকুটি এড়িয়ে সপ্তাহান্তেই কি তবে বঙ্গে পাকাপাকি শীতের এন্ট্রি? জানাল হাওয়া অফিস

Share
হিডেন স্টোরিজ নিউজ
বঙ্গের তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী। ফাইল ছবি
Share

কলকাতা: ভাইফোঁটার রেশ কাটতে না কাটতেই বঙ্গে আবহাওয়া বদলের পালা শুরু। বৃষ্টির কালো মেঘের ভ্রুকুটি কাটিয়ে অবশেষে সপ্তাহান্তেই বঙ্গে শীতের আগমন ঘটতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবি ও সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মূলত ভোর ও রাতের দিকে ভালোমতোই শীতের আমেজ টের পাবেন রাজ্যবাসী। তবে স্বস্তির খবরের মাঝেই চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রুকুটি।

আজ বৃহস্পতিবার রাজ্যের আকাশ মূলত পরিষ্কারই থাকার কথা। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। দক্ষিণের চার জেলার কয়েকটি নির্দিষ্ট এলাকায় সামান্য বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা বৃষ্টির রেশ থাকতে পারে। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আকাশে পুরোপুরি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া সকালের দিকে কুয়াশার দাপটও ধীরে ধীরে বাড়তে শুরু করবে।

কলকাতার ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গেছে। আজ থেকেই শহরে শুষ্ক আবহাওয়া শুরু হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ থেকে ৯৭ শতাংশের মধ্যে। আগামী দু-তিন দিনে কলকাতার তাপমাত্রাও বেশ কিছুটা নামবে, যার ফলে সপ্তাহান্তে মনোরম এক পরিবেশ উপভোগ করতে পারবেন শহরবাসী।

আরও পড়ুন : কিস্তওয়ারের দুর্গম জঙ্গলে জঙ্গি হামলা!

অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াও বদলাতে চলেছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সপ্তাহান্তে সেখানেও তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস রয়েছে। পাহাড়ি অঞ্চলে শীতের আমেজ ইতিমধ্যেই আরও একটু জাঁকিয়ে বসতে শুরু করেছে।

তবে এই সমস্ত খুশির খবরের মাঝেও সিঁদুরে মেঘ দেখছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা শুক্রবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে ৪৮ ঘণ্টার মধ্যে তা আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। ভারতের মৌসম ভবন শক্তিশালী এই নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা দিয়েছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘আকভান’, যা রেখেছে ইরান। তবে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে শেষ পর্যন্ত শীত তার নির্ধারিত মেজাজে ধরা দেয় কিনা, সেটাই এখন দেখার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *