বরাহনগর: বরাহনগরের শীতলামাতা লেনের ফ্ল্যাটে ২৬ বছরের তরুণী অঞ্জলি সাউকে নৃশংসভাবে খুনের ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। উত্তর ২৪ পরগনার এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রেমিককে দিল্লির একটি রেলস্টেশনের বাইরে থেকে পাকড়াও করল বরাহনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইন গেম পাবজি খেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের জেরেই এই খুন। হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত ভিনরাজ্যে পালিয়ে গিয়েছিলেন এবং লাগাতার অবস্থান বদলে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছিলেন।
আরও পড়ুন: সরকারি কাজে দেরি হলেই শোকজ! কর্মীদের জন্য নয়া নির্দেশিকা নবান্নের
গত ১০ নভেম্বর বরাহনগরের একটি ফ্ল্যাট থেকে অঞ্জলির নিথর দেহ উদ্ধার করা হয়। ডানলপের বাসিন্দা অঞ্জলির গলায় ওড়নার ফাঁস ও মুখে আঘাতের চিহ্ন ছিল। চাঞ্চল্যকর বিষয় হলো, খুনের পর মৃতার মোবাইল ফোনটি নিজের কাছে রেখে দেয় অভিযুক্ত। এমনকি সেই ফোন থেকেই মৃতার পরিবারের কাছে বিভ্রান্তিকর ও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মেসেজ পাঠানো হতো। বারবার টাওয়ার লোকেশন বদল করে পুলিশকে এড়ানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ব্যারাকপুরের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধৃতকে দিল্লি থেকে ফিরিয়ে আনা হচ্ছে এবং তাঁকে মুখোমুখি জেরা করে এই রহস্যের আরও গভীরে পৌঁছানো সম্ভব হবে।
Leave a comment