কলকাতা: ফের মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল কলকাতা। টিউশন পড়ে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। মাঝেরহাট স্টেশনের কাছে সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম আনমোল ঝা। প্রতিদিনের মতো টিউশন পড়তে গিয়েছিল। বাড়ি ফেরার পথে মাঝেরহাট স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। সিমেন্ট বোঝাই একটি লরি তাকে ধাক্কা মারে বলে অভিযোগ। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই পড়ুয়ার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরিটি দ্রুত গতিতে আসছিল।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। লরিটিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। যান চলাচল কার্যত থমকে যায়। পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। বিক্ষোভকারীদের সামাল দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন পুলিশকর্মীরা। ইতিমধ্যেই লরিটি আটক করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, লরির চালকের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a comment