কলকাতা: ধীরে ধীরে হলেও বঙ্গে জেঁকে বসতে শুরু করেছে শীতের আমেজ। সপ্তাহান্তে তাপমাত্রা আরও কিছুটা নামার পূর্বাভাস দিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গে জাঁকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী চার থেকে পাঁচ দিন রাজ্যে বৃষ্টির কোনো আশঙ্কা না থাকায় আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে। তবে বৃষ্টির হাতছানি না থাকলেও শীতের এই খুশির মেজাজে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বঙ্গোপসাগরের নতুন পরিস্থিতি। উৎসবের মরশুম কাটতে না কাটতেই ফের একবার ঘনাতে শুরু করেছে প্রাকৃতিক দুর্যোগের কালো মেঘ।
পূর্ববর্তী সামুদ্রিক ঝড়ের রেশ কাটতে না কাটতেই এবার বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবল শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে চলেছে ‘আকভান’। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবারই একটি নতুন নিম্নচাপ দানা বাঁধতে চলেছে। আগামী রবিবারের মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে একটি শক্তিশালী গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন : পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা
তবে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত ভারতের ঠিক কোন উপকূলে আছড়ে পড়বে বা এর সুনির্দিষ্ট গতিপথ কোন দিকে হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত হাওয়া অফিসের তরফে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। আবহাওয়াবিদরা গোটা পরিস্থিতির ওপর অত্যন্ত তীক্ষ্ণ নজর রাখছেন। পূর্বের সামুদ্রিক ঝড়ের প্রভাব বঙ্গে সেভাবে অনুভূত না হলেও, আসন্ন ‘আকভান’ শেষ পর্যন্ত রাজ্য এড়িয়ে যেতে পারবে কি না এবং এর ফলে বঙ্গে শীতের আগমনে কতটা বাধা পড়তে পারে, এখন সেটাই দেখার বিষয়।
Leave a comment