কলকাতা: রাজ্যজুড়ে অপরাধ দমনে আরও সক্রিয় রাজ্য সরকার। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও মজবুত করতে উদ্যোগী প্রশাসন। এবার থেকে ‘পুলিশ মিত্র’ অ্যাপের মাধ্যমে সহজেই স্থানীয় বিট অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। শহরের মানুষ ছাড়াও প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও যাতে দ্রুত পুলিশের সাহায্য পান, সেই লক্ষ্যেই রাজ্যে চালু হল এই অ্যাপ।
শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নতুন অ্যাপের উদ্বোধন করেন। তাঁর নির্দেশ, রাজ্যের প্রতিটি থানা এলাকাকে ছোট ছোট ভাগে ভাগ করে নজরদারির ব্যবস্থা করতে হবে। গ্রামাঞ্চলে একাধিক গ্রামকে নিয়ে একটি করে বিট তৈরি হবে। প্রতিটি বিটের দায়িত্বে থাকবেন নির্দিষ্ট পুলিশ আধিকারিক। তাঁর সঙ্গে থাকবেন সাত থেকে আট জন কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ার। থানা-পিছু একজন আধিকারিকের নেতৃত্বে এই দল এলাকা দেখভাল করবে। মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, পুলিশে পর্যাপ্ত কর্মী নেই। নিয়োগের প্রক্রিয়া শুরু হলেও তা সময়সাপেক্ষ। তাই আপাতত সীমিত বাহিনী নিয়েই বিট-ভিত্তিক নজরদারি চালু করা হচ্ছে।
আরও পড়ুন: চলতি মাসেই ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! রয়েছে একগুচ্ছ কর্মসূচি
মহিলা ও শিশুদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। রাজ্যের ৩৮ হাজার গ্রামে নজরদারির দায়িত্বে থাকা আধিকারিকদের কাজের সুবিধার জন্য ল্যাপটপ, ট্যাব, প্রিন্টার এবং ভিডিয়োগ্রাফির উপযোগী মোবাইল ফোন দেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। কোন এলাকার দায়িত্বে কোন বিট অফিসার রয়েছেন, তাঁর সঙ্গে কী ভাবে যোগাযোগ করা যাবে সকল তথ্য স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছে দিতে হবে। ‘পুলিশ মিত্র’ অ্যাপের মাধ্যমে যোগাযোগ আরও সহজ হবে বলেই আশা।
এ দিন রাজ্য পুলিশের পরিকাঠামোগত উন্নয়নের বিষয়েও কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সংস্থা ‘ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ (বিপিআর অ্যান্ড ডি)-এর সঙ্গে একটি সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরিত হয়েছে। অপরাধ সংক্রান্ত তথ্য গোপন করা নিয়ে তৃণমূল সরকারকেও নিশানা করেন তিনি। পুলিশকর্মীদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নবনিযুক্ত এবং কর্মরত পুলিশকর্মীদের প্রশিক্ষণের জন্য গুজরাতের ‘রক্ষা ইউনিভার্সিটি’র সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি অপরাধ মোকাবিলায় পুলিশকে আরও দক্ষ করে তুলবে।
Leave a comment