•
Home Top-News মোদীর সুরে শ্যামের বাঁশি! পিত্রোদা বোমা রাহুলকে
Top-Newsদেশ

মোদীর সুরে শ্যামের বাঁশি! পিত্রোদা বোমা রাহুলকে

Share
ছবি : সংগৃহীত
Share

নয়াদিল্লি: ফের ডামাডোলে কংগ্রেস!

ফোন ট্যাপিং নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর থেকে এবার দূরত্ব তৈরি করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা কংগ্রেসের ওভারসিজ প্রধান শ্যাম পিত্রোদা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ফোন ট্যাপ করেন বলে যখন সরব হয়েছেন রাহুল, ঠিক সেই সময়ই এক সাক্ষাৎকারে পিত্রোদা সাফ জানিয়ে দিয়েছেন যে, প্রধানমন্ত্রী নিজে হাতে স্ক্রু-ড্রাইভার নিয়ে কম্পিউটারে বসে এমন কাজ করেন না। তিনি বিশ্বাস করেন প্রধানমন্ত্রী এই কাজ করেন না। 

তবে নিজের ফোন ট্যাপ হওয়া এবং ল্যাপটপে সাইবার হানার আশঙ্কা উড়িয়ে না দিয়ে তিনি জানান, সাইবার বিশেষজ্ঞরা তাঁর ডিভাইস পরীক্ষা করে সতর্ক করেছেন এবং তাঁর ফোন ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নজরদারির মুখে রয়েছে বলেই তাঁর বিশ্বাস। রাহুল ও পিত্রোদার এই বিপরীত অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চরম জল্পনা শুরু হয়েছে।

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শ্যাম পিত্রোদার উৎসবের শুভেচ্ছা বিনিময়ের উষ্ণ সম্পর্ক এবং নরেন্দ্র মোদীর প্রশংসায় তাঁর মন্তব্য জাতীয় রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীপাবলি ও গুজরাটি নববর্ষের প্রাক্কালে প্রধানমন্ত্রী মোদী এবং পিত্রোদার মধ্যে সৌহার্দ্যপূর্ণ বার্তা আদানপ্রদান হয়। 

প্রধানমন্ত্রী তাঁকে ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ‘জয় জগন্নাথ’ বার্তা পাঠান, যার উত্তরে পিত্রোডাও তাঁকে ‘নরেন্দ্র ভাই’ বলে সম্বোধন করে আন্তরিক শুভেচ্ছা জানান। আর এই ঘটনার পরেই এক সাক্ষাৎকারে পিত্রোদা স্পষ্ট জানিয়ে দেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তাই বলে ব্যক্তিগত সৌজন্যবোধ বজায় রাখতে কোনও বাধা নেই।

আরও পড়ুন : চলতি মাসেই ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! রয়েছে একগুচ্ছ কর্মসূচি

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই সুসম্পর্কের কথা বলতে গিয়ে পিত্রোদা বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রীকে সম্মান করি এবং সেই কারণেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। উনি আমার সহোদর গুজরাটি এবং এটি নিছকই সৌজন্যের বিষয়।’’ 

দল বা কংগ্রেসের অন্দরে তাঁর এই শুভেচ্ছা বিনিময় নিয়ে কোনও আপত্তি উঠতে পারে কি না, সে বিষয়ে পিত্রোদার স্পষ্ট জবাব ছিল, ‘‘আমার এই শুভেচ্ছা বার্তা নিয়ে দলের কারও আপত্তি থাকলে সেই সমস্যা কংগ্রেসেরই দেখতে হবে।’’ 

বিগত ১৫ বছরে মোদীর সঙ্গে তাঁর কোনো সাক্ষাৎ না হলেও রাজনৈতিক মতপার্থক্যকে ব্যক্তিগত স্তরে না নামানোর পক্ষেই সওয়াল করেছেন তিনি। তাঁর মতে, দেশের মানুষ রাজনীতিবিদদের কাছ থেকে ন্যূনতম এই সৌজন্য ও শালীনতাই প্রত্যাশা করেন।

অন্য দিকে, পিত্রোদার এই মন্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার নজরদারির গুরুতর অভিযোগ তুলছেন। সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে রাহুল দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ফোন ট্যাপ করাচ্ছেন। 

এমনকী মোদী যদি তাঁর সঙ্গে মুখোমুখি প্রকাশ্যে বিতর্কে অংশ নেন, তবে কার ফোন কার নিয়ন্ত্রণে রয়েছে এবং কে দেশবিরোধী তা প্রমাণসহ প্রকাশ্যে চলে আসবে বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কংগ্রেস সাংসদ। 

রাহুলের এই অভিযোগের পরেই দেশজুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। বিরোধী শিবিরের একাংশ রাহুলের সুর চড়ালেও, শাসকদল বিজেপি তীব্র আক্রমণ শানিয়ে দাবি করেছে যে রাজনৈতিক প্রাসঙ্গিকতা বজায় রাখতেই ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ তুলছেন রাহুল। 

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর কটাক্ষ করে বলেন, রাহুলের মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে, কারণ তাঁর মস্তিষ্ক ছাড়া কেউ তাঁর ফোন ট্যাপ করার বিন্দুমাত্র আগ্রহ দেখায় না।

ঠিক এই প্রেক্ষাপটেই পিত্রোদার মন্তব্য কংগ্রেসের অন্দরে অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। রাহুল যখন সরাসরি প্রধানমন্ত্রীকে ফোন ট্যাকিংয়ের মূলচাবিকাঠি হিসেবে কাঠগড়ায় তুলছেন, তখন খোদ দলেরই প্রবীণ নেতা পিত্রোদার সাফ সাফ বলে দেওয়া যে, ‘‘পিএম এই কাজ করেন না’’, তা কংগ্রেসের অভ্যন্তরীণ মতানৈক্যকেই প্রকাশ্যে এনেছে। 

একদিকে রাহুল গান্ধীর ঝাঁঝালো আক্রমণ, আর অন্যদিকে শ্যাম পিত্রোদার সংযত সুর ও মোদীর প্রতি ব্যক্তিগত শ্রদ্ধার বার্তা, দুইয়ের জাঁতাকলে পড়ে জাতীয় রাজনীতিতে এখন কংগ্রেসের কৌশলগত অবস্থান নিয়ে নানাবিধ প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *