•
Home Top-News ছটেও চাঁদার ‘জুলুম’! দুর্গাপুরে ব্যবসায়ীকে মারধর, গ্রেফতার এক
Top-Newsপশ্চিমবঙ্গ

ছটেও চাঁদার ‘জুলুম’! দুর্গাপুরে ব্যবসায়ীকে মারধর, গ্রেফতার এক

Share
দুর্গাপুরে দু পক্ষের হাতাহাতি।
Share

দুর্গাপুর: উৎসবের আবহে ফের মাথাচাড়া দিল চাঁদার জুলুমবাজি। 

ছটপুজোর ঘাটে নির্ধারিত অঙ্কের চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের লিঙ্ক পার্ক এলাকা। ৫০০ টাকার বদলে ৩০০ টাকা চাঁদা দিতে চাওয়ায় এক ব্যক্তি ও তাঁর তিন ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে। 

বাদ যাননি ওই পরিবারের মহিলারাও। পাল্টা ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়দের একাংশ একটি দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। দু’পক্ষের হাতাহাতিতে মাথা ফাটে পুজো কমিটির এক সদস্যেরও। ঘটনায় আশিস কুমার মোদী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছটপুজোর ঘাট সংস্কার ও আয়োজনের জন্য এলাকায় কুপন বিলি করে চাঁদা তুলছিলেন পুজো কমিটির সদস্য দীনেশ বারনওয়াল, মুকেশ সিং, সুরজ বারনওয়াল-সহ কয়েক জন। অভিযোগ, প্রতিটি ডালার জন্য ৫০০ টাকা করে চাঁদা দাবি করা হচ্ছিল। 

আরও পড়ুন : তৈরি হবে ঘাটের ‘ডেটাশিট’, ছটের প্রস্তুতিতে দাবি শঙ্করের

সেই মতো মনীশ মোদী নামে স্থানীয় এক বাসিন্দার কাছে ৫০০ টাকার কুপন কাটতে যান কমিটির সদস্যরা। কিন্তু মনীশবাবু ৫০০ টাকা দিতে অস্বীকার করেন এবং পরিবর্তে ৩০০ টাকা দিতে চান। আর এখান থেকেই বিবাদের সূত্রপাত।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কম টাকা দেওয়ার কথা বলতেই কমিটির সদস্যরা চড়াও হন মনীশবাবুর উপর। শুরু হয় তীব্র বচসা। মুহূর্তের মধ্যে সেই কথা কাটাকাটি হাতাহাতি ও মারধরের রূপ নেয়। অভিযোগ, দীনেশ ও মুকেশরা দলবল নিয়ে মনীশ মোদীকে মারধর শুরু করেন। 

দাদাকে বাঁচাতে ছুটে আসেন মনীশের তিন ভাই। অভিযোগ, তাঁদেরও রেয়াত করা হয়নি। লাঠি ও কিল-ঘুষিতে জখম হন তাঁরা। গোলমালের আওয়াজ পেয়ে বাড়ির মহিলারা বাইরে বেরিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে, তাঁদের সঙ্গেও ধস্তাধস্তি ও হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে।

এদিকে, পুজো কমিটির এই দাদাগিরির খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। উত্তেজিত জনতা চড়াও হয়ে এলাকার একটি দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। দোকানের আসবাবপত্র ও সামগ্রী তছনছ করে দেওয়া হয়। 

দু’পক্ষের এই খণ্ডযুদ্ধের মাঝেই গুরুতর জখম হন পুজো কমিটির সদস্য সুরজ বারনওয়াল। তাঁর মাথায় গভীর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা চলে।

খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আশিস কুমার মোদী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

উৎসবের মরশুমে প্রকাশ্যে এমন চাঁদা আদায়ের জুলুম এবং তার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। প্রশাসনের কড়া নজরদারি সত্ত্বেও কী ভাবে ৫০০ টাকা চাঁদার জন্য জোরজুলুম চলছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। 

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলার ঘটনায় আর কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। আপাতত এলাকা থমথমে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *