•
Home Top-News প্রেমের জালে নাশকতা! মেহকদীপের পর চর্চায় ববিতা, মহিলাদের নয়া মডিউল আইএসআইয়ের
Top-Newsদেশ

প্রেমের জালে নাশকতা! মেহকদীপের পর চর্চায় ববিতা, মহিলাদের নয়া মডিউল আইএসআইয়ের

Share
গ্রেফতার মেহেকদীপ ও দেবেন্দ্র। ছবি : সংগৃহীত
Share

নয়াদিল্লি: প্রেমের অভিনয়, সঙ্গে টাকার টোপ। 

একাকী ও মানসিক ভাবে বিপর্যস্ত মহিলাদের দুর্বলতাকে হাতিয়ার করে এ বার ভারতের বুকে নাশকতার নয়া জাল বিছোচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই! রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় ২১ বছর বয়সি মেহকদীপ কৌর গ্রেফতার হতেই, তদন্তকারীদের আতশকাচের তলায় চলে এসেছে রাজস্থানেরই গঙ্গাপুর সিটির আর এক বাসিন্দা ববিতার নাম। 

গোয়েন্দাদের সন্দেহ, ববিতা এবং মেহকদীপ, দু’টি ঘটনাই বিচ্ছিন্ন নয়, বরং পাকিস্তানি হ্যান্ডলারদের একটি বৃহত্তর ও সুপরিকল্পিত ‘রিক্রুটমেন্ট মডিউল’-এর অংশ। প্রেমের সম্পর্কে জড়িয়ে ভারতীয় মহিলাদের মগজধোলাই করে নাশকতামূলক কাজে লাগানোর এই নয়া কৌশল এখন রীতিমতো কপালে ভাঁজ ফেলেছে দেশের শীর্ষ নিরাপত্তা সংস্থাগুলির।

তদন্তকারী সংস্থাগুলির সূত্র অনুযায়ী, শ্রীগঙ্গানগর বিস্ফোরণ কাণ্ডের শিকড় খুঁজতে গিয়েই উঠে এসেছে ববিতার প্রসঙ্গ। এর আগে রাজস্থানের গঙ্গাপুর সিটি থেকে ববিতা নামে এক মহিলাকে গ্রেফতার করেছিল রাজস্থান পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। 

জেরায় জানা গিয়েছিল, ববিতাকেও ঠিক একই কায়দায় প্রেমের জালে ফাঁসিয়েছিল পাকিস্তানে বসে থাকা আইএসআই এজেন্টরা। দীর্ঘ দিন ধরে মিষ্টি কথায় ভুলিয়ে এবং আবেগের বশে এনে তাঁকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার কাজে ব্যবহার করা হয়েছিল। মেহকদীপের গ্রেফতারির পর গোয়েন্দারা খতিয়ে দেখছেন, ববিতা এবং মেহকদীপের পিছনে কি একই পাক হ্যান্ডলার বা একই চক্র কাজ করছিল?

আরও পড়ুন : মুম্বই থেকে চণ্ডীগড় পাক নাশকতার ছক বানচাল, গ্রেফতার তিন

গত ৩ নভেম্বর রাত পৌনে ১০টা নাগাদ রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার অনুপগড়-সুরতগড় রেললাইনের ৫০ জিবি গ্রামের কাছে জোরালো বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় রেললাইনের নীচে থাকা দু’-তিনটি কংক্রিটের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়, বেরিয়ে পড়ে ভিতরের লোহার রড এবং লাইনের ক্লিপ খুলে যায়। গোয়েন্দাদের অনুমান, ভোর ৬টা নাগাদ অনুপগড় থেকে ভাতিন্ডাগামী প্যাসেঞ্জার ট্রেনটিকে উড়িয়ে দেওয়াই ছিল মূল লক্ষ্য। কিন্তু তার আগেই বিস্ফোরণ ঘটে যাওয়ায় বড়সড় প্রাণহানি এড়ানো গিয়েছে।

এই ঘটনার তদন্তে নেমে পঞ্জাবের গুরুদাসপুর থেকে রাজস্থান এটিএস, শ্রীগঙ্গানগর পুলিশ এবং পঞ্জাব পুলিশের যৌথ দল মেহকদীপ কৌর ও তাঁর ২৩ বছর বয়সি সহযোগী দেবেন্দ্র সিংহকে গ্রেফতার করে। রবিবার রাজস্থান এটিএস-এর তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধৃতদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, ৪৬টি তাজা কার্তুজ এবং নাশকতার পারিশ্রমিক হিসেবে পাওয়া নগদ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। 

জেরায় মেহকদীপ স্বীকার করেছে, সে ‘শাহ’ এবং ‘চাচা’ নামে দুই পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। পুলিশ জানিয়েছে, এই দু’টি নাম আদতে আইএসআই অপারেটিভদের সাংকেতিক নাম বা ‘কোড নেম’।

কেন ববিতা বা মেহকদীপের মতো মহিলারা সহজেই পাকিস্তানি চরের ফাঁদে পা দিচ্ছেন? গোয়েন্দাদের বিশ্লেষণ, সমাজে যাঁরা কিছুটা একাকী, পারিবারিক অশান্তিতে জর্জরিত কিংবা আর্থিক ও মানসিক ভাবে অসহায়, বেছে বেছে সেই সব মহিলাদের নিশানা করছে আইএসআই। 

যেমন, মেহকদীপের স্বামী মাদক পাচার (এনডিপিএস) মামলায় জেলবন্দি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একাকীত্বে ভুগছিলেন মেহকদীপ। সেই সুযোগকেই কাজে লাগায় পাক হ্যান্ডলার। প্রথমে বন্ধুত্ব, তার পর প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং মোটা টাকার প্রলোভন দেখিয়ে তাঁকে রেললাইনে বিস্ফোরক পাতার কাজে রাজি করানো হয়। এর আগে ববিতার ক্ষেত্রেও ঠিক এই ‘রোম্যান্টিক রিক্রুটমেন্ট’ পদ্ধতিই প্রয়োগ করেছিল আইএসআই।

নিরাপত্তা সংস্থাগুলির মতে, পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে যাতায়াত করা বা বিস্ফোরক বহন করা তুলনামূলক সহজ বলে মনে করছে পাক গুপ্তচর সংস্থা। ববিতার পুরনো মামলার ফাইল ফের খুলে মেহকদীপের বয়ানের সঙ্গে তা মিলিয়ে দেখছেন গোয়েন্দারা। সীমান্তের ওপার থেকে আর কত জন ‘ববিতা’ বা ‘মেহকদীপ’-কে এ ভাবে প্রেমের জালে ফাঁসানো হয়েছে, এখন সেই নেটওয়ার্কের হদিস পেতেই মরিয়া কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থাগুলি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *