•
Home Top-News করণের কফি আড্ডায় শাহরুখ-সুহানা! অন্তিম পর্বে থাকছে আরও বড় চমক?
Top-Newsবিনোদন

করণের কফি আড্ডায় শাহরুখ-সুহানা! অন্তিম পর্বে থাকছে আরও বড় চমক?

Share
Hidden Stories News
‘কফি উইথ করণ’-এর শেষ মরশুমে শাহরুখ খান! ছবি: সংগৃহীত
Share

কলকাতা: অন্তিম মরশুমের শুরুতেই সলমন খানকে এনে দর্শকদের চমকে দিয়েছিলেন করণ জোহর। কিন্তু এবার আরও বড় চমক নিয়ে হাজির হচ্ছেন পরিচালক- প্রযোজক। ২০০৪ সালে শুরু হয়েছিল তাঁর জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’। প্রথম পর্বে অতিথি হয়ে এসেছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। তবে অন্তিম মরশুমের গ্র্যান্ড ফিনালেতেও দেখা যেতে পারে বলিউডের কিং খানকে। এবার কফি কাউচে শাহরুখের উপস্থিতির ঘিরে আরও উৎসাহ বেড়েছে অনুরাগীদের। তবে সূত্রের খবর, শুধু কিং খান নন, শেষ পর্বে অপেক্ষা করছে আরও কয়েকটি চমক।

কফি কাউচে শাহরুখ ও করণ একসঙ্গে মানেই জমজমাট আড্ডা। দু’জনের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। এর পাশাপাশি একে অপরকে নিয়ে মজা করার অভ্যাসও বেশ পরিচিত। ফলে শেষ পর্বে তাঁদের মুখোমুখি বসিয়ে টক শো-কে আরও স্মরণীয় করে তুলতে চাইছেন নির্মাতারা। বিটাউনের অন্দরমহলের খবর, শাহরুখের আসন্ন ছবি ‘কিং’-এর মুক্তির আগে এই বিশেষ পর্ব সম্প্রচারের পরিকল্পনা করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। সেই ছবির প্রচারে বাবার সঙ্গে মেয়ে সুহানা খানকেও দেখা যেতে পারে বলে চর্চা।

আরও পড়ুন: পুরনো প্রেমের নস্টালজিয়া, ফের জুটি বাঁধছেন বিক্রম-শোলাঙ্কি! 

টক শোয়ে শাহরুখের উপস্থিতি নিয়ে অন্য পরিকল্পনাও রয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ‘কফি উইথ করণ’-এর অন্তিম পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। সেই সময় ‘কিং’ ছবির কাজে অত্যন্ত ব্যস্ত ছিলেন অভিনেতা। ফলে শুটিংয়ে দীর্ঘসময় থাকতে পারেননি তিনি। তাই, বিশেষ অতিথি হিসেবে পর্বের একটি অংশে দেখা যাবে তাঁকে। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে করণের দুই সন্তান যশ ও রুহিও। এই প্রথম টেলিভিশনের পর্দায় দেখা যাবে তাঁদের। 

উল্লেখ্য, ‘কফি উইথ করণ’-এর প্রথম পর্বের অতিথি ছিলেন শাহরুখ খান। তাই ‘কফি উইথ করণ’-এর মরশুমের শেষ পর্বেও যদি তাঁকে দেখা যায়, তা হলে শোয়ের শুরু ও শেষের মধ্যে এক সুন্দর যোগসূত্র তৈরি হবে। যদিও এই বিশেষ পর্বে কাদের কাদের দেখা যাবে এবং সম্প্রচারের দিনক্ষণ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। শাহরুখের পাশাপাশি সুহানা ও করণের দুই সন্তানকে আদেও দেখা যায় কি না, তার জন্য অপেক্ষা করতেই হবে। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *