বারাসত: বাড়িতে নিজের মনেই খেলছিল ১৪ মাসের একরত্তি। কিন্তু আচমকাই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জলভর্তি বালতিতে পড়ে মৃত্যু হল শিশুর। উত্তর ২৪ পরগনার বারাসতের হাটখোলায় এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শিশুটির বাবার অভিযোগ, ঘটনার সময় একরত্তির মা মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন শিশুর মা। তাঁর দাবি, তিনি জামাকাপড় গোছানোর কাজে ব্যস্ত ছিলেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে এই ঘটনা ঘটল, তার তদন্তে নেমেছে বারাসত থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসতের হাটখোলার বাসিন্দা শ্রেয়া মণ্ডল। এলাকারই বাসিন্দা বিপ্লব বারুইয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে প্রায় দেড় বছর আগে থেকে আলাদা থাকতে শুরু করেন তাঁরা। এরপর থেকে মায়ের কাছেই থাকত তাঁদের সন্তান। শিশুটির বাবার অভিযোগ, শ্রেয়া দিনের বেশিরভাগ সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকতেন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার কথা কাটাকাটিও হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। বিপ্লবের দাবি, মঙ্গলবার দুপুরেও মোবাইল ঘাটতে ব্যস্ত ছিলেন শ্রেয়া। তাঁর সন্দেহ, সম্ভবত পাবজি খেলছিলেন তিনি।
আরও পড়ুন: হাওড়ায় জন্মদিনে মদের আসর, চলল গুলি! গুলিবিদ্ধ যুবক, গ্রেফতার মূল অভিযুক্ত
অন্যদিকে, বাড়িতে নিজের মতোই খেলছিল ১৪ মাসের শিশুটি। আচমকাই কোনওভাবে জলভর্তি বালতির মধ্যে পড়ে যায় সে। অভিযোগ, দীর্ঘক্ষণ বিষয়টি কারও চোখে পড়েনি। পরে বালতি থেকে অচৈতন্য অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি। চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এত ছোট শিশুর কীভাবে এমন পরিণতি হল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে শিশুর মা মোবাইলে গেম খেলার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ঘটনার সময় তিনি ফোন ঘাঁটছিলেন না, বরং জামাকাপড় ভাঁজ করছিলেন। শিশুটি সাধারণত রান্নাঘরের দিকে যেত না। তাই সেদিনও সেখানে যাবে, তা তিনি ভাবতে পারেননি বলে দাবি করেছেন শ্রেয়া। অন্যদিকে, শিশুর বাবার প্রশ্ন, বাড়িতে আরও লোকজন ছিল। কীভাবে এই ঘটনা কারও নজরে পড়ল না? শিশুর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সময় বাড়িতে ঠিক কী পরিস্থিতি ছিল, তা খতিয়ে দেখছে বারাসত থানার পুলিশ।
Leave a comment