•
Home দেশ কোয়াডের মঞ্চে মোদীকে দরাজ সার্টিফিকেট ট্রাম্পের
দেশবিশ্ব

কোয়াডের মঞ্চে মোদীকে দরাজ সার্টিফিকেট ট্রাম্পের

Share
কোয়াডের মঞ্চে মোদী-ট্রাম্প। ছবি : সংগৃহীত
Share

ম্যানিলা: আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ফের এক বার উষ্ণতা ছড়াল মোদী-ট্রাম্প রসায়ন! 

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আয়োজিত কোয়াড (Quad) শীর্ষ সম্মেলনের মঞ্চ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘অত্যন্ত কঠোর মানুষ’ (ভেরি টাফ ম্যান) এবং ‘মহান নেতা’ বলে দরাজ সার্টিফিকেট দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার কোয়াডের চার শরিক দেশ ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানদের যৌথ ফটোসেশন ও সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সময় ঠিক পাশে দাঁড়িয়ে থাকা মোদীর দিকে আঙুল দেখিয়ে ট্রাম্প বলেন, “উনি এক জন অত্যন্ত কঠোর মানুষ।” এর পরই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দিকে তাকিয়ে স্বভাবসিদ্ধ রসিকতার সুরে মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, “আর উনি বোধহয় আরও বেশি কঠোর!”

২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আতিথেয়তায় আমেরিকায় শেষ বার মুখোমুখি বসেছিল কোয়াড শীর্ষ বৈঠক। দু’বছর পর এ বছর দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির জোট (আসিয়ান)-এর বার্ষিক সম্মেলনের পাশাপাশি ম্যানিলায় অনুষ্ঠিত হচ্ছে কোয়াড রাষ্ট্রপ্রধানদের এই গুরুত্বপূর্ণ বৈঠক। 

সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়ের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, “এই মানুষগুলি এবং এই দেশগুলির সঙ্গে আমাদের সম্পর্ক প্রথম দিন থেকেই দারুণ। ওঁরা প্রত্যেকেই অসাধারণ মানুষ এবং আমার ব্যক্তিগত বন্ধু।” পরে মূল বৈঠকের সময়ও ট্রাম্প ফের মোদীর ভূয়সী প্রশংসা করে বলেন, “নরেন্দ্র মোদী আমার বন্ধু, এক জন মহান নেতা এবং সারা বিশ্বের প্রত্যেকের কাছেই তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও সমাদৃত।”

প্রসঙ্গত, মোদীর প্রতি ট্রাম্পের এই মুগ্ধতা নতুন নয়। চলতি বছরের জুন মাসেই সংবাদমাধ্যম ‘অ্যাক্সিয়স’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মোদীকে ‘ভেরি টাফ কুকি’ এবং বিশ্বের সবচেয়ে প্রশংসনীয় নেতাদের এক জন বলে অভিহিত করেছিলেন ট্রাম্প। 

সে সময় ভারতের রাজনৈতিক স্থিতিশীলতার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, “সারা জীবন দেখেছি ভারতে ছ’মাস বা এক বছর অন্তর সরকার বদলে যেত। কিন্তু হঠাৎই প্রধানমন্ত্রী মোদী এলেন এবং টানা ১২ বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দেশ চালাচ্ছেন।”

অন্য দিকে, ম্যানিলার বৈঠকে কোয়াড জোটকে ভারতের কাছে এক ‘গঠনমূলক এবং বিশ্বস্ত অংশীদারিত্ব’ বলে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উল্লেখ করেন, চার দেশের বিদেশমন্ত্রীরা ইতিমধ্যেই পাঁচ বার বৈঠকে বসেছেন, যা এই জোটের প্রতি চার দেশের রাজনৈতিক সদিচ্ছা ও দায়বদ্ধতারই প্রমাণ। 

মোদীর কথায়, “সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেন), নতুন প্রযুক্তি এবং বিপর্যয় মোকাবিলা প্রতিটি ক্ষেত্রেই বিশ্বস্ত সমাধান সূত্র দেওয়াই কোয়াডের মূল লক্ষ্য।”

ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “ম্যানিলার সঙ্গে কোয়াড দেশগুলির সম্পর্ক বহু পুরনো। ২০০৭ সালে এই ম্যানিলাতেই প্রথম বার চার দেশের আধিকারিকেরা বৈঠকে বসেছিলেন। তার দশ বছর পর, ২০১৭ সালে এই শহরেই আমাদের সংলাপ পুনরায় শুরু হয়। আজ এই ঐতিহাসিক শহরে আরও একটি কোয়াড বৈঠক আমাদের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।” আন্তর্জাতিক রাজনৈতিক মহলের মতে, ট্রাম্পের এই প্রকাশ্য প্রশংসা এবং মোদীর কূটনৈতিক বার্তা ভারত-মার্কিন সম্পর্ক ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় এক নতুন মাত্রা যোগ করল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *