•
Home পশ্চিমবঙ্গ হাওড়ায় জন্মদিনে মদের আসর, চলল গুলি! গুলিবিদ্ধ যুবক, গ্রেফতার মূল অভিযুক্ত
পশ্চিমবঙ্গ

হাওড়ায় জন্মদিনে মদের আসর, চলল গুলি! গুলিবিদ্ধ যুবক, গ্রেফতার মূল অভিযুক্ত

Share
হাওড়ায় গ্রেফতার মূল অভিযুক্ত। নিজস্ব ছবি
Share

হাওড়া: গভীর রাতে জন্মদিনের পার্টি উপলক্ষে বহুতলের ছাদে বসেছিল মদের আসর। 

আর সেই আসরেই চলল পরপর গুলি! গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হলেন এক যুবক। সোমবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার শৈলেন্দ্র নাথ বোস লেনের জেলিয়াপাড়ায়। 

গুলিবিদ্ধ যুবকের নাম কুশল জয়সওয়াল। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্তে নেমে ফ্ল্যাটের বাসিন্দা তথা পার্টির মূল আয়োজক রোহিত চৌধুরীকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। বাকি অভিযুক্তেরা পলাতক, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শৈলেন্দ্র নাথ বোস লেনের জেলিয়াপাড়ার একটি বহুতল আবাসনের বাসিন্দা রোহিত চৌধুরী। সোমবার রাতে জন্মদিন উপলক্ষে বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন রোহিত। সেখানে আমন্ত্রিত ছিলেন কুশল জয়সওয়াল-সহ আরও কয়েক জন বন্ধু। 

আরও পড়ূন : বিজেপির আদি বনাম নব্যর লড়াইয়ে তিতিবিরক্ত সাংসদ থেকে বিধায়ক

বহুতলের ছাদে বসেছিল মদের আসর। অভিযোগ, রাত বাড়তেই সেখানে পরপর তিন রাউন্ড গুলি চলে। প্রথমে শূন্যে দু’রাউন্ড গুলি চালানো হয় এবং তার পরের গুলিটি গিয়ে লাগে কুশলের পায়ে। গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। রক্তাক্ত অবস্থায় ছাদেই লুটিয়ে পড়েন কুশল।

ঠিক কী কারণে জন্মদিনের পার্টিতে গুলি চলল, তা নিয়ে দু’টি তত্ত্ব উঠে আসছে পুলিশের প্রাথমিক তদন্তে। একটি সূত্রের দাবি, মদের আসরে বন্ধুদের মধ্যে কোনও বিষয় নিয়ে তীব্র বচসা ও ঝামেলা শুরু হয় এবং তার জেরেই গুলি চালানো হয়। অন্য একটি সূত্রের খবর, পার্টির মাঝেই নেশার ঘোরে নিজের আগ্নেয়াস্ত্রটি পরীক্ষা করছিল অভিযুক্ত রোহিত। শূন্যে গুলি ছোড়ার সময় অসাবধানতাবশত একটি গুলি ছিটকে এসে কুশলের পায়ে লাগে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশবাহিনী। রক্তাক্ত অবস্থায় কুশলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি অভিযুক্ত রোহিত চৌধুরীকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। তবে ঘটনার পরপরই পার্টিতে উপস্থিত বাকি যুবকেরা গা ঢাকা দেয়। পুলিশের দাবি, সোমবার রাতের ওই পার্টিতে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেকেরই অপরাধ জগতের সঙ্গে যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার ধৃত রোহিত চৌধুরীকে হাওড়া আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হবে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার একটি বহুতলের ছাদে ওই বেআইনি আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, সেটি বৈধ না অবৈধ, এবং ঘটনার নেপথ্যে পুরনো কোনও শত্রুতা বা অপরাধচক্রের যোগ রয়েছে কিনা তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। পলাতক বন্ধুদের খোঁজে বিভিন্ন এলাকায় হানা দিচ্ছেন তদন্তকারীরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *