•
Home Top-News ছ’বছর পর সেই একই সুর! ইনস্টাগ্রামে আইপিএলকেও চিরবিদায় জানালেন ধোনি
Top-News

ছ’বছর পর সেই একই সুর! ইনস্টাগ্রামে আইপিএলকেও চিরবিদায় জানালেন ধোনি

Share
ইনস্টায় আবেগঘন পোস্ট।
Share

চেন্নাই: সময়টা ২০২০ সালের ১৫ অগস্ট। 

ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৭টা ২৯ মিনিট। ইনস্টাগ্রামে চার মিনিটের একটি সাদামাঠা স্লাইড-শো ভিডিয়ো পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। নেপথ্যে বাজছিল অমিতাভ বচ্চনের ‘কভি কভি’ ছবির কালজয়ী গান। 

‘ম্যায় পল দো পল কা শায়র হুঁ’। ঠিক ছ’বছর পর, মঙ্গলবার ২০২৭ আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের দিনে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) জার্সিতে খেলোয়াড়-জীবনকে বিদায় জানাতেও সেই একই সুর এবং একই অনাড়ম্বর ভঙ্গিকে বেছে নিলেন ৪৫ বছর বয়সি মাহি!

আজকের যুগে যখন সমাজমাধ্যমে তারকাদের বিদায়বেলায় সিনেমার মতো ঝাঁ-চকচকে এডিটিং, দামি ভিজ্যুয়াল এফেক্ট আর নাটকীয়তার ছড়াছড়ি, সেখানে ধোনি যেন সচেতন ভাবেই ফিরে গেলেন পুরনো দিনের ‘উইন্ডোজ় মুভি মেকার’-এর সাদামাঠা ফ্রেমে। 

কোনও বাহুল্য নেই, কোনও আড়ম্বর নেই। স্রেফ সিএসকে-র সঙ্গে কাটানো প্রায় দু’দশকের স্মরণীয় কিছু মুহূর্তের কোলাজ আর নেপথ্যে মুকেশের কণ্ঠে সেই চেনা বিষণ্ণ সুর। পোস্টের ক্যাপশনে ভক্তদের উদ্দেশে ধোনি লিখেছেন, “ভক্তরা আমাকে ভুল প্রমাণ করেছেন, তা মেনে নেওয়ার জন্য এর চেয়ে ভাল গান আর হতে পারে না। হয়তো গানটির দু’টি সংস্করণ তৈরিই হয়েছিল যাতে আমি প্রথম বার ভুলটা করি, আর দ্বিতীয় বার তা মেনে নিই।”

আরও পড়ুন : ধোনির ক্রিকেটে ইতি? ‘থালা’র বিদায়ে আবেগঘন শিখর 

মঙ্গলবার ২০২৭ নিলামের আগে রিটেনশন তালিকা প্রকাশ করে চেন্নাই সুপার কিংস। সিএসকে মালিক রূপা গুরুনাথ আগেই জানিয়েছিলেন, ধোনি নিজেই অত্যন্ত শান্ত ভাবে ফ্র্যাঞ্চাইজিকে অনুরোধ করেছিলেন রিলিজ় তালিকায় তাঁর নাম জুড়ে দিতে। 

রিটেনশন তালিকায় খেলোয়াড় হিসেবে তাঁর নাম না থাকলেও, ফ্র্যাঞ্চাইজির সরকারি ওয়েবসাইটে ধোনিকে ‘টিম মেন্টর’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ, হলুদ জার্সিতে আর ব্যাট-গ্লাভস হাতে মাঠে না নামলেও, আগামী মরসুমে চেন্নাইয়ের ডাগআউটে তরুণ প্রজন্মকে পথ দেখানোর দায়িত্বে থাকছেন ‘থালা’।

ধোনির পোস্ট করা বিদায়ী ভিডিয়োটি যেন এক ব্যক্তিগত ছবির অ্যালবাম। তাতে যেমন শুরুর দিনগুলিতে কোচ স্টিফেন ফ্লেমিং, মালিক এন শ্রীনিবাসন এবং সিইও কাশী বিশ্বনাথনের সঙ্গে তাঁর মুহূর্ত রয়েছে, তেমনই জায়গা পেয়েছেন সুরেশ রায়না, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা থেকে শুরু করে বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও। 

রয়েছে পাঁচটি আইপিএল ট্রফি ও দু’টি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়ের সোনালি ফ্রেম— বিশেষত ২০২৩ সালে আমদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ বলের রুদ্ধশ্বাস জয়ের পর জাডেজাকে কোলে তুলে নেওয়ার সেই অবিস্মরণীয় ছবি। এমনকী নেটে ধোনির বোলিং করার বিরল দৃশ্য এবং চিপকের গ্যালারির হলুদ সমুদ্রের ছবিও জুড়ে দেওয়া হয়েছে ভিডিয়োয়।

২০০৮ সালে আইপিএলের জন্মলগ্ন থেকে শুরু হওয়া এই যাত্রায় ২৭৮টি ম্যাচে ৩৮.৩০ গড় এবং ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ৫,৪৩৯ রান করেছেন ধোনি। ঝুলিতে রয়েছে ২৪টি অর্ধশতরান এবং ২৬৪টি ছক্কা। মাঝখানে চেন্নাই নির্বাসিত থাকাকালীন দু’মরশুম (২০১৬-১৭) রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়ে খেললেও, ২০১৮-তে ফিরে এসেই ফের চ্যাম্পিয়ন করেছিলেন সিএসকে-কে। 

হাঁটু ও কাফ মাসলের চোটের কারণে ২০২৬ মরসুমে একটি ম্যাচেও নামতে পারেননি তিনি। অবশেষে নিজের চেনা নিরুত্তাপ ও ব্যক্তিগত শৈলীতেই বাইশ গজকে বিদায় জানালেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *