•
Home Top-News ২২ কেজি সোনা-রুপোর গয়না, ৭২টি বেনারসি! কৃষ্ণনগরের ‘বুড়িমা’র সাজে কী চমক?
Top-Newsপশ্চিমবঙ্গ

২২ কেজি সোনা-রুপোর গয়না, ৭২টি বেনারসি! কৃষ্ণনগরের ‘বুড়িমা’র সাজে কী চমক?

Share
Hidden Stories News
কৃষ্ণনগরের জাগ্রত ‘বুড়িমা’র পুজো ঘিরে বিশেষ আয়োজন। ছবি: সংগৃহীত
Share

কৃষ্ণনগর: জগদ্ধাত্রী পুজো এলে কৃষ্ণনগরে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। আলোকসজ্জা, সাবেকি প্রতিমা থেকে নজরকাড়া মণ্ডপ, সবকিছু ঘিরেই থাকে আকর্ষণ। কিন্তু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো বলতে প্রথমেই মনে পড়ে  চাষাপাড়ার ‘বুড়িমা’র কথা। প্রতি বছরই এই পুজো দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। মায়ের দর্শনে দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। এবছরও তার ব্যতিক্রম নয়। ২৫৪ বছরে পদার্পণ করছে এই পুজো। এই ঐতিহ্যবাহী পুজোয় দেবীকে সাজানো হয়েছে ভক্তদের নিবেদিত ৭২টি বেনারসি শাড়ি এবং প্রায় ২২ কেজি সোনা-রুপোর অলঙ্কারে। বাদ যায়নি তাঁর বাহনও। সিংহের মাথায় শোভা পাচ্ছে সোনার মুকুট, গায়েও রয়েছে সোনার গয়না।

‘বুড়িমা’র এই বিপুল গয়নার সাজ ঘিরে রয়েছে দীর্ঘদিনের ভক্তি ও বিশ্বাসের ইতিহাস। এই পুজোর সূচনা হয়েছিল জনশ্রুতি, মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। ভক্তদের বিশ্বাস, মায়ের কাছে মানত করে সেই মনস্কামনা পূর্ণ হলে তাঁরা সোনার গয়না নিবেদন করেন। বছরের পর বছর ধরে সেই অলঙ্কারেই সেজে ওঠেন দেবী। প্রতিটি গয়নার সঙ্গে জড়িয়ে রয়েছে কোনও না কোনও ভক্তের বিশ্বাস, প্রার্থনা আর আবেগ।  

আরও পড়ুন: ভোগের থালায় ইলিশ-চিংড়ি-শোল! ঐতিহ্য মেনে আজও ‘জাগ্রত’ ফুলিয়ার চক্রবর্তী বাড়ির জগদ্ধাত্রী

পুজো কমিটি সূত্রে খবর, মঙ্গলবার মহাষ্টমীর দুপুর ১২টা থেকে মানতের সামগ্রী গ্রহণ করা হয়। সন্ধ্যায় সেই সব গয়না ও শাড়িতে সেজে ওঠেন ‘বুড়িমা’। বুধবার শুক্লপক্ষের নবমী তিথিতে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সম্পন্ন হচ্ছে। ভোর ৫টা ৫৮ মিনিটে পুজো শুরু হয়। পুষ্পাঞ্জলির ব্যবস্থা রাখা হয়েছিল সকাল সাড়ে ৯টা, দুপুর ১২টা এবং বিকেল সাড়ে ৩টেয়। দুপুর ৩টেয় নবমীর বলিদান এবং সন্ধ্যা ৬টায় বিশেষ আরতির আয়োজন রয়েছে।

আয়োজকদের হিসাব অনুযায়ী, মহাভোগ তৈরিতে ব্যবহার করা হচ্ছে প্রায় ১৫০০ কুইন্টাল চাল এবং ১২০০ কুইন্টাল ঘি। বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত দু’টি পৃথক জায়গা থেকে ভোগ দেওয়া হবে। যাঁরা মায়ের পুজো দেবেন, তাঁরা কুপন দেখিয়ে সন্দেশ ভোগ পাবেন। অন্নভোগের জন্য ৫০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার কুপনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও থাকছে বিনামূল্যে ‘অন্নমহোৎসব’। পুজো কমিটির সভাপতি বিনীলকুমার ঘোষ জানিয়েছেন, সেখানে যে কেউ বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। 

এবছর মন্দিরে স্থাপন করা হচ্ছে প্রায় ২০ কেজি ওজনের অষ্টধাতুর চরণযুগল। বাৎসরিক পুজোয় তার উদ্বোধন হবে। ফলে জগদ্ধাত্রী পুজোর দিনগুলির বাইরেও সকাল-সন্ধ্যা দু’বেলা মায়ের চরণ দর্শন পাবেন ভক্তেরা। উদ্যোক্তারা জানিয়েছেন, নৈহাটির ‘বড়মা’র মন্দিরের আদলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দশমীর দিন সকাল ৭টা ২২ মিনিটে বিসর্জনের পুজো শেষ হওয়ার পর হবে বরণ। তারপর দুপুর আড়াইটের মধ্যে দেবীকে নামিয়ে আনা হবে। প্রথা মেনে ভক্তদের কাঁধে চেপেই বিসর্জনের পথে রওনা দেবেন ‘বুড়িমা’। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *