কলকাতা: এমন তো কথা ছিল না!
বলা হয়েছিল, আজ-কাল-পরশু আকাশের মুখ শুধু গোমড়া থাকবে। ঝড়-বৃষ্টি যা হবে, তা পাশের রাজ্য়ের কপালে রয়েছে। কিন্তু বুধবার সন্ধ্যের পর থেকে খেলা ঘুরিয়ে দিল ঘূর্ণিঝড় আকভান। যাওয়ার কথা ছিল অন্ধ্র উপকূলের দিকে। কিন্তু লিও মেসির মতো ছোট্টো টোকায় বাঁক নিয়ে পুরীকেই ল্যান্ডফলের ডেস্টিনেশন ঠিক করেছে।
যারফলে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত এই ঘূর্ণিঝড় ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার বেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার পুরী থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ‘আকভান’।
পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ নারসাপুর ও পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
ঘূর্ণিঝড়ের অভিমুখ বদলের জেরে বুধবার রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে পুরী ও সংলগ্ন ওড়িশা উপকূলে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুরীর গুণ্ডিচা-সহ দু’টি মন্দির আপাতত পুণ্যার্থীদের দর্শনের জন্য বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বুঝে আগামী ২২ তারিখ থেকে ফের মন্দিরের দরজা খোলা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
তবে এরাজ্যে ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে ভরা হেমন্তেই কার্যত বর্ষার চেহারা নিয়েছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি বাংলার উপকূল থেকে অনেকটা দূরে থাকলেও তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার রাত থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে, ভোর থেকে যার পরিমাণ কিছুটা বেড়েছে।
আরও পড়ুন : ‘আকভান’-এর দাপট বাড়ছে! কোন পথে এগোচ্ছে ঘূর্ণিঝড়?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বৃহস্পতিবার সারাদিন কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আকাশ মেঘলা থাকবে ও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকাল শুক্রবার দুর্যোগ আরও বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ রয়েছে।
শনিবারও পুরুলিয়ায় ভারী বৃষ্টি এবং বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ আবহাওয়া শুষ্ক থাকলেও শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মালদহ ও দুই দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে এই দুর্যোগের মাঝেও কিছুটা স্বস্তির খবর শুনিয়েছেন আবহবিদেরা। তাঁদের ব্যাখ্যা অনুযায়ী, নভেম্বরের তৃতীয় সপ্তাহে উত্তর দিক থেকে শুষ্ক ও ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। সেই শুষ্ক বাতাস ঘূর্ণিঝড়ের বলয়ে ঢুকে পড়ায় ‘আকভান’-এর আর নতুন করে শক্তি বাড়ানোর সম্ভাবনা প্রায় নেই।
তবুও আগাম সতর্কতা হিসেবে আগামী ২০ ও ২১ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে এবং যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a comment