•
Home Top-News দুর্যোগের ভ্রুকুটি! ২৮ বছর পর ভাসান পিছল চন্দননগরে
Top-Newsপশ্চিমবঙ্গ

দুর্যোগের ভ্রুকুটি! ২৮ বছর পর ভাসান পিছল চন্দননগরে

Share
চন্দননগরের রানি মা। নিজস্ব ছবি
Share

চন্দননগর: বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ‘আকভান’-এর পরোক্ষ প্রভাবে ভরা হেমন্তেই কার্যত বর্ষার দুর্যোগ শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। আর সেই খারাপ আবহাওয়ার জেরেই শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল জগৎখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ও ঐতিহ্যবাহী আলোকসজ্জার শোভাযাত্রা। 

বৃহস্পতিবার সকাল থেকেই চন্দননগর ও সংলগ্ন হুগলি শিল্পাঞ্চলে ঝোড়ো হাওয়া এবং নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায় দর্শনার্থীদের নিরাপত্তা এবং সুষ্ঠু নিরঞ্জনের স্বার্থে জরুরি বৈঠকে বসেন চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। 

সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বৃহস্পতিবার দশমীর শাস্ত্রীয় রীতি মেনে কেবলমাত্র ‘ঘট বিসর্জন’ সম্পন্ন হবে। প্রতিমা নিরঞ্জনের মূল শোভাযাত্রা পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে আগামী রবিবার সন্ধ্যা ৬টায়। উল্লেখ্য, এর আগে ঠিক ২৮ বছর আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে চন্দননগরের ঐতিহাসিক শোভাযাত্রা এক দিনের জন্য স্থগিত করতে হয়েছিল।

আরও পড়ুন : ২২ কেজি সোনা-রুপোর গয়না, ৭২টি বেনারসি! কৃষ্ণনগরের ‘বুড়িমা’র সাজে কী চমক?

চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউ জানিয়েছেন, কেন্দ্রীয় কমিটির অধীনে থাকা ১৮০টি পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই দুর্যোগ এড়াতে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, আলোকসজ্জার বিশাল কাঠামো এবং সুউচ্চ প্রতিমা নিয়ে ঝড়বৃষ্টির মধ্যে রাস্তায় নামলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যেত। 

প্রশাসন ও কমিটির তরফে জানানো হয়েছে, আগামী শনিবার যদি আবহাওয়ার কিছুটা উন্নতি হয়, তবে যে সমস্ত পুজো কমিটি দিনের আলোয় প্রতিমা নিরঞ্জন করতে চায়, তারা তা করতে পারবে। তবে চন্দননগরের অন্যতম প্রধান আকর্ষণ, বাহারি আলোকসজ্জা এবং ঢাক-বাজনা সহযোগে ৬৮টি পুজো কমিটির রাতের যে মূল শোভাযাত্রা হয়, তা অনুষ্ঠিত হবে আগামী রবিবার সন্ধ্যা ৬টা থেকেই। চন্দননগর এবং ভদ্রেশ্বর মিলিয়ে গঙ্গার মোট ১৪টি ঘাটে কড়া নিরাপত্তার ঘেরাটোপে এই বিসর্জন পর্ব চলবে।

বিসর্জন দু’দিন পিছিয়ে যাওয়ায় এক দিকে যেমন উৎসবপ্রেমী মানুষ ও দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মধ্যে সাময়িক মনখারাপের ছায়া নেমেছে, তেমনই বড়সড় আর্থিক চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। 

অতিরিক্ত দু’দিন মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা এবং নিরাপত্তার ব্যবস্থা বজায় রাখতে গিয়ে বারোয়ারিগুলির খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাচ্ছে। সেই বাড়তি খরচের বোঝা সামাল দিতে ইতিমধ্যেই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলির কাছে বিদ্যুৎ বিলে বিশেষ ছাড় দেওয়ার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় পুজো কমিটি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। 

সেই পূর্বাভাসের কথা মাথায় রেখেই রবিবার সন্ধ্যাকে শোভাযাত্রার জন্য বেছে নেওয়া হয়েছে। আপাতত দুর্যোগের মেঘ কাটিয়ে রবিবার সন্ধ্যার সেই মায়াবী আলোর রোশনাই ও দেবী-বরণের মহোৎসবের অপেক্ষায় প্রহর গুনছে গোটা চন্দননগর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *