মুম্বই: ফের বলিউডে আতঙ্ক। একের পর এক বলিউড তারকাকে প্রাণনাশের হুমকি ঘিরে বাড়ছে উদ্বেগ। এবার সেই তালিকায় যুক্ত হল বলিউড অভিনেতা সইফ আলি খানের নাম। মুম্বই পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় উঠে এসেছে পলাতক জিশান আখতারের নাম। ২০২৪ সালে এনসিপি নেতা বাবা সিদ্দিকী খুনের ঘটনায় অভিযুক্ত। আখতার এই হুমকি দিয়েছেন, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কেউ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশের অনুমান, কোনও অপরাধী গোষ্ঠীর নাম ব্যবহার করে তারকাদের ভয় দেখানোর চেষ্টা হতে পারে। চলতি মাসের গোড়াতেই অভিনেতা তুষার কপূর এবং আয়ুষ্মান খুরানাও একই ধরনের হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। সেই দুই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয় বৈভব মিশ্র নামে ৩০ বছর বয়সি এক ব্যক্তিকে। বেঙ্গালুরুর বাসিন্দা ওই আইআইটি স্নাতকের সঙ্গে কোনও অপরাধী গোষ্ঠীর যোগ নেই বলেই জানা যায়। অভিযোগ, এআই ব্যবহার করে হুমকিগুলি পাঠিয়েছিল সে।
আরও পড়ুন: করণের ধর্মা প্রোডাকশনে উইলিয়াম-কেট, নজর কাড়ল করিনার সাজও!
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি সইফ। তবে অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটি ২০২৫ সালের জানুয়ারি মাসের। গভীর রাতে নিজের বান্দ্রার বাড়িতে হামলা চালানো হয় তাঁর উপর। একাধিকবার ছুরির আঘাত করা হয়েছিল তাঁকে। গলা ও পিঠে গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা। প্রায় ছ’ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। সেই ঘটনার পর ফের প্রাণনাশের হুমকির খবর প্রকাশ্যে আসায় চিন্তিত অনুরাগীমহল।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ অক্টোবর রাতে মুম্বইয়ের বান্দ্রা পূর্বে নিজের ছেলে জিশান সিদ্দিকীর দফতরের বাইরে খুন হন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকী। ৬৬ বছর বয়সি এই রাজনীতিককে লক্ষ্য করে গুলি চালায় তিন দুষ্কৃতী। সেই খুনের তদন্তে জিশান আখতারের নাম উঠে আসে। এ বার সইফকে দেওয়া হুমকির ঘটনায়ও নতুন করে তাঁর নাম উঠে আসছে।
Leave a comment