কলকাতা: ওড়িশার গোপালপুরে থমকে গিয়েছে ঘূর্ণিঝড় আকভান। তার প্রভাব বাংলাতেও। বিশেষ করে উপকূলের দুই জেলা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় সকাল থেকে চলছে টানা বৃষ্টি। বুধবার রাত থেকেই সুন্দরবন-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আকাশ কালো করে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
একই ছবি দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলেও। বৃহস্পতিবার সকাল থেকেই ঝিরঝিরে থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভয়ঙ্কর উত্তাল হয়ে উঠেছে সমুদ্র ও উপকূলীয় নদনদীগুলি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে।
এই পরিস্থিতিতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই জেলা জুড়েই চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন। দিঘা, বকখালি এবং গঙ্গাসাগরে সমুদ্রস্নানে কড়া নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি পর্যটকদের সৈকত থেকে দূরে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীদের।
আরও পড়ুন : শক্তি হারিয়ে গোপালপুরেই থমকে গেল ‘আকভান’, আজ দিনভর বৃষ্টি বাংলায়
প্রশাসন সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র ক্রমশ অশান্ত হয়ে ওঠায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই মাছ ধরতে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন, তাঁদের অবিলম্বে উপকূলে ফিরে আসতে বা নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।
পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকাগুলিতে প্রশাসনের তরফে দফায় দফায় মাইকিং করে মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিভিন্ন প্রশাসনিক ভবনে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম।
দুর্যোগের সরাসরি প্রভাব পড়েছে রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘায়। প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা থাকায় বৃহস্পতিবার সকাল থেকেই দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের নামতে দেওয়া হয়নি। গোটা সি-বিচ এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুলিশ।
ফলে ছুটির মেজাজে দিঘায় বেড়াতে এসেও সমুদ্রস্নানের আনন্দ থেকে বঞ্চিত হতে হচ্ছে ভ্রমণপিপাসুদের। একরাশ হতাশা ও মনখারাপ নিয়েই সৈকতের দূর থেকে উত্তাল ঢেউ দেখে বাড়ি ফেরার তোড়জোড় শুরু করেছেন অনেক পর্যটক। সকাল থেকে দিঘার সৈকত প্রায় পর্যটকশূন্য বললেই চলে।
অন্য দিকে, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলীয় এলাকাতেও ছবিটা একই রকম উদ্বেগজনক। সাগর, নামখানা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ ও বকখালিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট বাড়ছে। জলস্তর বেড়ে উত্তাল হয়ে উঠেছে মুড়িগঙ্গা, মাতলা ও সপ্তমুখী নদী।
পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বকখালি ও গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে এবং মাইকিং করে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে, যাতে কেউ উত্তাল সমুদ্রে নামার ঝুঁকি না নেন।
তবে পর্যটন ও মৎস্যজীবীদের পাশাপাশি এই অকাল বর্ষণ সবচেয়ে বড় দুশ্চিন্তা বাড়িয়েছে জেলার কৃষকদের। টানা বৃষ্টির জেরে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের নিচু এলাকার আমন ধানের জমিতে জল জমতে শুরু করেছে।
পাকা বা আধপাকা ধান জলে ডুবে গেলে বিপুল ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছেন চাষিরা। একদিকে উপকূলের বাঁধ রক্ষা ও মানুষের প্রাণ বাঁচানোর লড়াই, অন্যদিকে জমির ফসল বাঁচানোর উদ্বেগ। ‘আকভান’-এর ভ্রুকুটি সামলাতে আপাতত কড়া নজরদারিতে গোটা রাজ্যের উপকূলীয় প্রশাসন।
Leave a comment