কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, গত ২৩ মে থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। মাঝে জুলাই মাসে বীরভূমে তাঁর আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি নগদ টাকা ও কেজি কেজি সোনা উদ্ধার হলেও ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের কোনও হদিস ছিল না।
দুবাই-সহ বিভিন্ন দেশে তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন বলে সন্দেহ করছিলেন তদন্তকারীরা। অবশেষে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ও তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ নিয়ে দেশে ফিরেই গোয়েন্দাদের মুখোমুখি হলেন বীরভূমের সেই প্রভাবশালী ব্যবসায়ী।
গত বছর নারায়ণপুর থানা এলাকায় তাঁর ম্যানেজারের কাছ থেকে নগদ পাঁচ কোটি টাকা উদ্ধারের মামলায় সিআইডি-র তলবে সাড়া দিয়ে শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটে ভবানীভবনে হাজিরা দিলেন টুলু মণ্ডল। দীর্ঘ টালবাহানার পর সিআইডি-র এসওজি (SOG) শাখার আধিকারিকদের জেরার মুখে পড়তে হল তাঁকে।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গত বছরের নভেম্বর মাসে বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন নারায়ণপুর এলাকায় টুলু মণ্ডলের এক ম্যানেজারের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ পাঁচ কোটি টাকা উদ্ধার করেছিল পুলিশ।
সেই ঘটনায় নারায়ণপুর থানায় একটি মামলা রুজু হয়, যার তদন্তভার বর্তমানে সিআইডি-র হাতে রয়েছে। ওই বিপুল টাকার উৎস জানতে দীর্ঘ দিন ধরেই টুলুকে খুঁজছিলেন গোয়েন্দারা। পাশাপাশি, পূর্বতন তৃণমূল জমানায় বড় বড় সরকারি প্রকল্পের বরাত পাওয়া এই পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে রাজস্বের টাকা নয়ছয় এবং ভুয়ো ‘ডিসিআপ’ তৈরি করে কর ফাঁকির একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। সেই মামলায় ইতিমধ্যেই সিউড়ি আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ, যেখানে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে টুলুর।
পুলিশের দাবি ছিল, মামলা রুজু হওয়ার পর থেকেই ফেরার ছিলেন টুলু। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ১৭ নভেম্বরের মধ্যে টুলুকে দেশে ফিরতে হবে এবং আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ বা গ্রেফতারি করতে পারবে না।
শীর্ষ আদালতের সেই রক্ষাকবচ পেয়েই দেশে ফেরেন তিনি। এর পরই বৃহস্পতিবার বীরভূমের সিউড়ির সুভাষপল্লিতে টুলুর বাড়ি ‘দালিলা ভবন’-এর বাইরে নোটিস সাঁটিয়ে দিয়ে আসে সিআইডি এবং শুক্রবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই মতোই এ দিন নির্ধারিত সময়ে ভবানী ভবনে পৌঁছন তিনি।
অন্য দিকে, ৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের দেওয়া রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পর যাতে পুলিশ তাঁকে গ্রেফতার করতে না পারে, তা আগেভাগেই নিশ্চিত করতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলু মণ্ডল।
তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং সব্যসাচী বন্দ্যোপাধ্যায় পুলিশের মূল এফআইআর-কে চ্যালেঞ্জ করে বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের এজলাসে আবেদন জানান। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে কোনও ‘লুক আউট নোটিস’ জারি করা হয়েছে কি না এবং হয়ে থাকলে তা যেন আদালতকে জানানো হয়, এই মর্মে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চেও পৃথক আবেদন করেন টুলু।
তবে শুক্রবার হাইকোর্টে এফআইআর চ্যালেঞ্জ সংক্রান্ত মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যের তরফে জানানো হয়, অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র এ দিন অনুপস্থিত রয়েছেন। রাজ্যের আবেদনের ভিত্তিতে বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় জানান, অ্যাডভোকেট জেনারেলের অনুপস্থিতিতে এই মুহূর্তে শুনানি সম্ভব নয়। আগামী ২৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে। আপাতত আইনি লড়াইয়ের পাশাপাশি ভবানী ভবনে টুলুকে জেরা করে পাঁচ কোটি টাকার রহস্য ভেদ করতে মরিয়া সিআইডি।
Leave a comment