•
Home Top-News কে বলল বৃদ্ধ? এখনও ‘রাতের বাদশা’, দাউদ নিয়ে বিস্ফোরক দাবি এফবিআই প্রাক্তন এজেন্টের
Top-Newsদেশবিশ্ব

কে বলল বৃদ্ধ? এখনও ‘রাতের বাদশা’, দাউদ নিয়ে বিস্ফোরক দাবি এফবিআই প্রাক্তন এজেন্টের

Share
দাউদ ইব্রাহিম।
Share

করাচি ও মুম্বই: ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের পর ভারত থেকে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নেওয়া মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের জীবন গত দু’দশকেরও বেশি সময় ধরে রহস্যের চাদরে মোড়া। 

সাম্প্রতিক স্পাই-থ্রিলার ছবি ‘ধুরন্ধর’-এ দাউদ ওরফে ‘বড়ে সাহেব’-কে এক শয্যাশায়ী, জীর্ণ ও অসুস্থ বৃদ্ধ হিসেবে দেখানো হলেও, বাস্তব ছবিটা যে তার ঠিক উল্টো, সেই চাঞ্চল্যকর তথ্যই এ বার সামনে আনলেন আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)-এর প্রাক্তন এজেন্ট কামরান ফরিদি। 

এক পডকাস্ট সাক্ষাৎকারে ফরিদি দাবি করেছেন, ৭০ বছর বয়সি দাউদ মোটেও শয্যাশায়ী নন; বরং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI) এবং জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সরাসরি মদতে বহাল তবিয়তে নিজের ‘ডি-কোম্পানি’ এবং ভারত-পাকিস্তানের মাদক সাম্রাজ্য পরিচালনা করছেন তিনি।

পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কামরান ফরিদি জানান, ১৯৯৫ সালে তিনি এফবিআই-এ যোগ দেন এবং ২০০৯ সালে তাঁকে দাউদের গ্যাংয়ে অনুপ্রবেশের দায়িত্ব দেওয়া হয়। নিজের পাকিস্তানি পরিচয় গোপন করে ‘রুশ মাফিয়া’ সেজে দাউদের ডানহাত জাবির মোতিওয়ালার মাধ্যমে তিনি ডি-কোম্পানিতে ঢুকে পড়েন। 

করাচিতে দাউদের হাওয়ালা নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করার পাশাপাশি দাউদের ভাই আনিস ইব্রাহিমের ছেলে আলি কাসকরের কাছ থেকে অন্দরমহলের বহু গোপন তথ্য সংগ্রহ করেছিলেন বলে দাবি ফরিদির। বর্তমানে গোয়েন্দাগিরি ছেড়ে থাইল্যান্ডে বসবাসকারী ফরিদি ফাঁস করেছেন ডনের রোজনামচা।

আরও পড়ুন : দিল্লিতে মন্ত্রীর দফতরের সামনেই খুন! এনকাউন্টারে খতম দাউদের ঘনিষ্ঠ নাসিম

ফরিদির দাবি অনুযায়ী, করাচির অত্যন্ত সুরক্ষিত ক্লিফটন এলাকাতেই পরিবারের সঙ্গে থাকেন দাউদ। তবে ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়লে ইসলামাবাদ-সহ তিনটি গোপন ডেরায় যাতায়াত করেন তিনি। ক্লিফটনের বাড়ির নীচে সুড়ঙ্গ থাকার জল্পনা উড়িয়ে দিয়ে ফরিদি জানান, বাড়ির পিছনে একটি গোপন দরজা রয়েছে যা সরাসরি একটি জনবহুল মাজারে গিয়ে মিশেছে বিপদ বুঝলে ভিড়ের মধ্যে মিশে পালানোর জন্যই এই ব্যবস্থা। 

দিনের বেলায় একেবারেই বেরোন না দাউদ। রাত ১০টার পর বেরিয়ে ফজরের নমাজের আগেই ঘরে ফেরেন ‘রাতের বাদশা’। পাকিস্তানের এলিট ‘স্পেশাল সার্ভিস গ্রুপ’ (এসএসজি)-এর ৩৫ থেকে ৪৫ জন সশস্ত্র কমান্ডো ২৪ ঘণ্টা তাঁকে পাহারা দেয়। 

দুবাই থেকে আমদানি করা বোমা ও রকেট-প্রতিরোধী বুলেটপ্রুফ গাড়িতে চড়েন দাউদ ও ছোটা শাকিল। প্রতি শুক্রবার আইএসআই সদর দফতরে গিয়ে নিরাপত্তার রিপোর্ট দেন শাকিল। এমনকি, ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের সঙ্গেও দাউদের ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন ফরিদি।

ব্যক্তিগত জীবনে নিজেকে ধার্মিক হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও দাউদ অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করেন বলে জানিয়েছেন প্রাক্তন এই এজেন্ট। ফরিদির কথায়, “দাউদ নিয়মিত নমাজ পড়েন না। আগে ১ লক্ষ ৭৮ হাজার টাকা দামের বিদেশি মদ খেতেন, এখন কোকেনে আসক্ত। মুজরা দেখতে ভালবাসেন।” করাচির ‘২২ জমজমা’ নামক সাউন্ডপ্রুফ বাড়িতে পাকিস্তানি আমলা ও ব্যবসায়ীদের সঙ্গে পার্টি করেন তিনি। 

এমনই এক পার্টিতে গভীর রাতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে ফোন করে নিজের এক শাগরেদকে ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ (পিআইএ)-এ চাকরি পাইয়ে দিতে দেখেছিলেন বলেও দাবি ফরিদির।

এ ছাড়া প্রথম স্ত্রী মেহজাবিন থাকা সত্ত্বেও পাকিস্তানে নিজের চেয়ে ২০ বছরের ছোট এক পাঠান মহিলাকে দাউদ বিয়ে করেছেন বলে জানিয়েছেন ফরিদি, যিনি ‘আয়েশা ভাবি’ নামে পরিচিত এবং করাচিতে কালো মার্সিডিজ গাড়িতে ঘোরেন। 

মুম্বই থেকে সঙ্গে নিয়ে যাওয়া ‘ইসলাম বাবা’ নামক এক ফকিরের অনুমতি ছাড়া ডি-কোম্পানি কোনও অপারেশন করে না বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি, ১৯৯৩ বিস্ফোরণের অন্যতম চক্রী টাইগার মেমন এখন লোকচক্ষুর আড়ালেই থাকেন এবং ডি-কোম্পানির অন্দরে উত্তরসূরি হওয়া নিয়ে ছোটা শাকিল ও আনিস ইব্রাহিমের মধ্যে তীব্র ক্ষমতার দ্বন্দ্ব চলছে বলেও বিস্ফোরক দাবি করেছেন কামরান ফরিদি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *