•
Home Top-News ট্রেনে জোরে গান বা মোবাইলে রিল দেখলেই বিপদ! কী নিয়ম আনল পূর্ব রেল?
Top-Newsপশ্চিমবঙ্গ

ট্রেনে জোরে গান বা মোবাইলে রিল দেখলেই বিপদ! কী নিয়ম আনল পূর্ব রেল?

Share
Hidden Stories News
এ আই দ্বারা নির্মিত ছবি।
Share

কলকাতা: ট্রেনে যাতায়াতের সময় আমরা অনেকেই মোবাইলে গান শুনি, ভিডিয়ো দেখা কিংবা রিলস স্ক্রল করি। কিন্তু এমন কিছু লোকজন থাকে, যারা ট্রেনে বসে জোরে আওয়াজ দিয়ে ভিডিয়ো দেখেন। কিন্তু অনেক সময় সেই আওয়াজ অন্য যাত্রীদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এবার এরম ঘটনা ঘটালে সমস্যায় পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। ট্রেনের কামরা বা স্টেশন চত্বরে মোবাইলে জোরে গান বাজানো, ভিডিয়ো দেখার বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে পূর্ব রেল। সহযাত্রীর অভিযোগ করলে নিয়মভঙ্গকারীর জরিমানা, এমনকি জেলও হতে পারে।

পূর্ব রেলের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “ট্রেনের ভিতরে বা স্টেশন চত্বরে এমন কোনও কাজ করা যাবে না, যাতে অন্য যাত্রীদের অসুবিধা হয়। মোবাইলে উচ্চস্বরে গান শোনা, ভিডিয়ো চালানো, দীর্ঘক্ষণ জোরে কথা বলা যাবে না। পাশাপাশি মোবাইলের রিংটোনও কমিয়ে রাখতে হবে। দরকার পড়লে ফোন সাইলেন্ট মোডে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।” এই ধরনের আচরণ নিয়ে অভিযোগ জমা পড়লে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: ভবানীভবনে ‘পাথরসম্রাট’! সুপ্রিম রক্ষাকবচ নিয়ে গোয়েন্দাদের মুখোমুখি বীরভূমের টুলু

নির্দেশিকা অনুযায়ী, এমন আচরণের ক্ষেত্রে রেল আইনের ১৪৫ ধারায় পদক্ষেপ করা হতে পারে। নিয়মভঙ্গের জন্য সর্বোচ্চ ১০০০ টাকা জরিমানা অথবা ছ’মাস পর্যন্ত কারাদণ্ডের কথা বলা হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ আগে থেকেই যাত্রীদের সতর্ক করতে চায় । সেই কারণে ট্রেনের কামরায় নোটিস বা স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি স্টেশনগুলিতে মাইকে বারবার সতর্কবার্তা চালানো হবে। হিন্দি, ইংরেজি এবং আঞ্চলিক ভাষায় এই ঘোষণা করার কথা বলা হয়েছে।

ইতিমধ্যেই সংশ্লিষ্ট স্টেশনগুলিতে চিঠি পাঠানো হয়েছে। হাওড়া, শিয়ালদহ, আসানসোল এবং মালদহ, এই চারটি ডিভিশনের আওতায় থাকা স্টেশনগুলিতে যাত্রীদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, পূর্ব রেলের অধীনে হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনও চলাচল করে। দীর্ঘদিন ধরেই এসব ট্রেনে সহযাত্রীদের সমস্যার অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই কড়া অবস্থান নিল রেল।

গত মাসেই দক্ষিণ রেল একই বিষয়ে পদক্ষেপের কথা জানিয়েছিল। পূর্ব রেলও ২০১২ সালের ২৩ জুলাই জারি করা একটি নির্দেশিকার উল্লেখ করেছে। সেই নির্দেশিকাতেও ট্রেনে মোবাইলে জোরে কথা বলা,  উচ্চস্বরে রিংটোন বাজানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *