•
Home Top-News বদলে যাচ্ছে মল্লিকঘাট ফুলবাজার! আধুনিকীকরণের পরিকল্পনা রাজ্য সরকারের
Top-Newsকলকাতা

বদলে যাচ্ছে মল্লিকঘাট ফুলবাজার! আধুনিকীকরণের পরিকল্পনা রাজ্য সরকারের

Share
হিডেন স্টোরিজ নিউজ
বদলে যাচ্ছে মল্লিকঘাট ফুলবাজার, ছবি- সংগৃহিত
Share

কলকাতা: ভোরের আলো ফুটতেই কর্মব্যস্ত হয়ে ওঠে মল্লিকঘাট ফুলবাজার। এশিয়ার বৃহত্তম এই ফুলের বাজারে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা-সহ নানা রঙের ফুলের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। শুধু কেনাবেচা নয়, কলকাতার শতাব্দীপ্রাচীন ঐতিহ্যেরও এক অবিচ্ছেদ্য অংশ এটি। তাই পুরনো ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই বাজারের পরিকাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাজারের জীর্ণ দশা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং ব্যবসায়ীদের নানা সমস্যার সমাধানে শুক্রবার কলকাতা পুরসভার কনফারেন্স রুমে একটি বৈঠক হয়।

পুর কমিশনার ও প্রশাসক স্মিতা পাণ্ডের নেতৃত্বে ওই উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা, কলকাতা পুলিশ, পোর্ট ট্রাস্ট-সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। বাজারের বর্তমান পরিকাঠামো নিয়ে বৈঠকে বিস্তর আলোচনা হয়। বিধায়ক বিজয় ওঝা অভিযোগ করেন, তৃণমূল সরকারের আমলে এই বাজারের উন্নয়নে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তবে তিনি জানান, সংস্কারের কাজ শুরু হলে ফুলচাষি ও ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন: উড়ালপুলের নিচে লাইব্রেরি, ক্যাফেটেরিয়া! শহর সাজাতে একগুচ্ছ পরিকল্পনা অগ্নিমিত্রার

মন্ত্রী কল্যাণ চক্রবর্তী জানান, মল্লিকঘাট থেকে জগন্নাথঘাট পর্যন্ত বিস্তৃত গোটা বাজার এলাকার সংস্কার করা হবে। পরিকল্পনা অনুযায়ী, সেখানে তৈরি হতে চলেছে চারতলা একটি ভবন। ভবনের প্রতিটি তলই ব্যবহার করা হবে ফুলের ব্যবসার কাজে। কাঁচা ফুলের কেনাবেচাই ছাড়াও ফুল থেকে তৈরি আবির, রং এবং অন্যান্য সামগ্রী বিক্রির জন্যও দোকানের ব্যবস্থা থাকবে।

বাজারে আসা ক্রেতা ও ব্যবসায়ীদের সুবিধার দিকগুলিতেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। তাই নতুন পরিকাঠামোয় থাকবে আধুনিক শৌচালয়, বিশ্রামাগার, খাবারের জায়গা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। ফুল দীর্ঘক্ষণ সতেজ রাখার জন্য কোল্ড স্টোরেজ তৈরি হবে। পাশাপাশি প্রতিদিন বাজারে জমা হওয়া আবর্জনা যত্রতত্র ফেলা যাবে না। তার জন্য আধুনিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

শুধু ফুলবাজার নয়, সংলগ্ন মল্লিকঘাট ও জগন্নাথঘাটেরও সংস্কার করা হবে। সব মিলিয়ে বাজারের পুরনো পরিবেশ ও ঐতিহ্য অটুট থাকবে। পাশাপাশি ব্যবসায়ী, ফুলচাষি এবং ক্রেতাদের জন্য আরও পরিচ্ছন্ন ও সুবিধাজনক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *