কলকাতা: বাতাসে ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা। প্রতিদিন এই দূষিত বাতাস অজান্তে ক্ষতি করছে ফুসফুসের। আর এই ক্ষতির পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তারই ইঙ্গিত মিলছে সাম্প্রতিক কিছু পরিসংখ্যানে। দিল্লির চারটি সরকারি হাসপাতালের তথ্য প্রকাশ্যে এসেছে। তথ্য অনুযায়ী, গত ছ’বছরে দিল্লির এমস, সফদরজং, আরএমএল এবং দিল্লি স্টেট ক্যানসার হাসপাতালে ফুসফুসের ক্যানসার নিয়ে ভর্তি হয়েছেন সাড়ে ছ’হাজারেরও বেশি রোগী। তাঁদের মধ্যে ৯০০-র বেশি রোগীর মৃত্যু হয়েছে। রাজধানীর এই পরিসংখ্যান দেখে উদ্বেগ আরও বেড়েছে। দিল্লি ছাড়াও কলকাতা সহ একাধিক দেশে বায়ুদূষণ এখন বড় সমস্যা।
ধূমপান ও তামাকজাত দ্রব্যের কারণে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে। এছাড়াও বায়ুদূষণ, রান্নার ধোঁয়া এবং কর্মক্ষেত্রে ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তাই দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট বা কাশি থাকলে অবহেলা করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
প্রাথমিক পর্যায়ে, ফুসফুসের ক্যানসারের স্পষ্ট লক্ষণ ধরা পড়ে না। দীর্ঘদিন ধরে কাশি, কাশির সঙ্গে রক্ত বেরোনো, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, গলা বসে যাওয়া কিংবা অকারণে ওজন কমতে থাকলে সতর্ক হওয়া দরকার। তবে এই লক্ষণগুলি মানেই যে ক্যানসার, এমনটা নয়। অন্য শ্বাসযন্ত্রের অসুখেও একই ধরনের সমস্যা হতে পারে। তাই নিজে থেকে কোনও সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকের কাছে যাওয়াই সঠিক কাজ।
লো ডোজ সিটি স্ক্যান
ফুসফুসের ক্যানসার শনাক্ত করতে লো ডোজ সিটি স্ক্যান বা এলডিসিটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। সাধারণ সিটি স্ক্যানের তুলনায় এতে কম মাত্রার বিকিরণ ব্যবহার করা হয়। ফুসফুসে ছোট নডিউল বা অস্বাভাবিক কোনও পরিবর্তন রয়েছে কি না, তা এই পরীক্ষায় বোঝা সম্ভব। মূলত নির্দিষ্ট বয়স ও দীর্ঘদিনের ধূমপানের ইতিহাস রয়েছে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে এই স্ক্যান করা হয়।
আরও পড়ুন: পার্ক স্ট্রিট বা দার্জিলিং নয়, এবারের বড়দিন কাটান দেশের এই ৫ ঠিকানায়!
স্পুটাম সাইটোলজি
দীর্ঘদিনের কাশির সঙ্গে কফ বেরোলে তার নমুনা পরীক্ষাগারে পাঠিয়ে কোষের গঠন পরীক্ষা করা হয়। এই পদ্ধতির নাম স্পুটাম সাইটোলজি। কফের নমুনায় কোনও অস্বাভাবিক বা ক্যানসার কোষ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। তবে শুধু এই পরীক্ষার মাধ্যমে ফুসফুসের ক্যানসার নিশ্চিত করা যায় না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর সঙ্গে অন্য পরীক্ষাও করা হয়ে থাকে।
রক্ত পরীক্ষা ও টিউমার মার্কার
রক্তে নির্দিষ্ট কিছু প্রোটিন বা বায়োমার্কারের মাত্রা মাপার জন্য টিউমার মার্কার পরীক্ষা করা হয়। কিন্তু এই পরীক্ষার ফল স্বাভাবিক এলেও ক্যানসার নেই, তা নিশ্চিত করে বলা যায় না। তাই টিউমার মার্কারকে ফুসফুসের ক্যানসার শনাক্ত করার একক বা নিয়মিত স্ক্রিনিং পরীক্ষা হিসেবে ব্যবহার করা হয় না।
ব্রঙ্কোস্কোপি
ফুসফুস বা শ্বাসনালিতে কোনও অস্বাভাবিকতা ধরা পড়লে তার কারণ জানতে ব্রঙ্কোস্কোপি করা হতে পারে। এই পদ্ধতিতে ক্যামেরা লাগানো সরু ও নমনীয় একটি নল নাক বা মুখ দিয়ে শ্বাসনালিতে প্রবেশ করানো হয়। এর সাহায্যে ভিতরের অংশ সরাসরি দেখা যায়। প্রয়োজন হলে সেখান থেকে কোষ বা টিস্যুর নমুনা সংগ্রহ করে বায়োপসিও করা হয়।
Leave a comment