•
Home দেশ আদালত অবমাননার চরম মূল্য! ট্রাস্টি সাসপেন্ড, কালই দীপথুনে প্রদীপ জ্বালানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
দেশ

আদালত অবমাননার চরম মূল্য! ট্রাস্টি সাসপেন্ড, কালই দীপথুনে প্রদীপ জ্বালানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

Share
হিডেন স্টোরিজ নিউজ
দীপম উৎসবের প্রদীপ। ফাইল ছবি
Share

মাদুরাই: বিচারবিভাগের নির্দেশ অমান্য করার পরিণতি যে অত্যন্ত গুরুতর হতে পারে, তামিলনাড়ুর দীপম বিতর্কে এবার তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। মাদুরাইয়ের তিরুপারঙ্কুন্দ্রম পাহাড়ের দীপথুন স্তম্ভে আগামীকালই প্রদীপ জ্বালানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একইসঙ্গে মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্যদের সাসপেন্ড করার নির্দেশও দেওয়া হয়েছে। শুক্রবার শুনানিতে আদালত সাফ জানিয়ে দিয়েছে, বিচারবিভাগের নির্দেশ মানতেই হবে এবং কোনওভাবেই তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

তিরুপারঙ্কুন্দ্রম মন্দিরে কার্তিগাই দীপম উৎসবের প্রদীপ জ্বালানোকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। গত ২০ নভেম্বর দীপথুন স্তম্ভে প্রদীপ জ্বালানোর অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু ২৪ নভেম্বর উৎসবের দিন সেই নির্দেশ কার্যকর হয়নি। পাহাড়ের মাথায় প্রাচীন পাথরের স্তম্ভের বদলে প্রচলিত উচিপিল্লাইয়ার মণ্ডপেই প্রদীপ জ্বালানো হয়। এরপরই এই ঘটনায় আদালত অবমাননার অভিযোগ ওঠে।

শুক্রবার সেই সংক্রান্ত আদালত অবমাননার মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, তার নির্দেশের বাধ্যতামূলক কার্যকারিতা রয়েছে এবং কেউ তা অমান্য করতে পারে না। মাদুরাইয়ের জেলাশাসকের ভূমিকা নিয়েও আগেই অসন্তোষ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। এবার সরাসরি মন্দিরের ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হল।

আরও পড়ুন: বদলে যাচ্ছে গঙ্গাসাগর! হোগলার বদলে আধুনিক টেন্ট

এই ঘটনায় তামিলনাড়ুর মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশক-সহ মোট ১৫ জনকে আদালত অবমাননার নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। ওই তালিকায় রয়েছেন রাজ্যের হিন্দু ধর্মীয় ও দাতব্য দফতরের সচিব ও কমিশনার, মাদুরাইয়ের জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং মন্দির কর্তৃপক্ষের সদস্যরা। ২০ নভেম্বরের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করা হয়েছে কি না, তার জবাব তলব করেছে আদালত।

শুনানিতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রস্তাব দেন যে স্বাধীন কোনও কর্তৃপক্ষের নজরদারিতে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করা হোক এবং প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। এর আগে বুধবার সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চেয়েছিল রাজ্য সরকার এবং প্রদীপ না জ্বালানোর দায় মন্দির কর্তৃপক্ষের উপর চাপিয়েছিল। তবে তাতে বিতর্ক থামেনি। অবশেষে আগামীকালই দীপথুনে প্রদীপ জ্বালানোর নির্দেশ দিয়ে পুরো ঘটনায় চূড়ান্ত অবস্থান স্পষ্ট করল শীর্ষ আদালত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *