নয়াদিল্লি: আসন পুনর্বিন্যাস ঘিরে যখন রাজনৈতিক পারদ চড়ছে, ঠিক তখনই আশঙ্কা ও অবিশ্বাসের আবহে দিল্লিতে বৈঠকে বসল ইন্ডি জোট। কয়েক মাস আগেও যে ডিলিমিটেশন বিল আটকে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল বিরোধী শিবির, অল্প সময়ের মধ্যেই সেই সমীকরণ আমূল বদলে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। জোটের অন্দরে ভাঙন এবং শরিকদের অবস্থান বদল নতুন করে অস্বস্তি বাড়িয়েছে কংগ্রেস ও সহযোগী দলগুলির।
গত কয়েক মাসে একের পর এক শরিক ইন্ডি জোটের সঙ্গ ছেড়েছে বলে দাবি করা হচ্ছে। আপ ও ডিএমকে-র অবস্থান বদলের পাশাপাশি তৃণমূলে ভাঙনের ফলে ২৮ জন সাংসদের দল এখন ৮ জনে এসে ঠেকেছে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি উদ্ধব ঠাকরের শিব সেনাতেও ভাঙন ধরেছে। এর মধ্যেই ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্রের তৎপরতার মাঝে কংগ্রেসের পুরনো সহযোগী শরদ পওয়ারের দলও ভিন্ন সুরে কথা বলছে। আনুষ্ঠানিকভাবে জোট না ছাড়লেও তাঁরা এই বিলে সমর্থন জানাতে পারেন বলে আলোচনা চলছে, এমনকী শনিবারের বৈঠকেও তাঁরা গরহাজির ছিলেন। জল্পনা ছড়িয়েছে, এনসিপি আনুষ্ঠানিকভাবে শাসক শিবিরে যোগ দিতে পারে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন সুপ্রিয়া সুলে।
আরও পড়ুন: সংসদে মোদী সরকারকে বড় স্বস্তি! ডিলিমিটেশন বিলে সমর্থনের ঘোষণা ডিএমকে-র!
এই পরিস্থিতিতে শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডি জোটের বৈঠক হয়। সেখানে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির রামজি লাল সুমন, আরজেডির মনোজ ঝাঁ-সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্ধব শিবির, মুসলিম লিগ ও বাম দল মিলিয়ে মোট ১২টি দল বৈঠকে অংশ নেয়। আসন পুনর্বিন্যাস বিল রুখতে কৌশল ঠিক করতেই এই বৈঠক ডাকা হলেও বাস্তব ছবি নিয়ে সন্দিহান বিরোধী শিবির। ডিএমকে-র সমর্থনের ইঙ্গিতের পর বিল আটকানো কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠছে। এরই মাঝে নারী শক্তিকে আরও এগিয়ে নিতে শেষ পর্যন্ত লড়াই চালানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৈঠক শেষে মল্লিকার্জুন খাড়গের বক্তব্যেও বিল আটকাতে পারার জোরালো আত্মবিশ্বাস দেখা যায়নি; বরং সংখ্যাগরিষ্ঠতার জোরেই সরকার এগোচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। খাড়গের আশঙ্কা, ৮৫০ আসন বেড়ে গেলে দেশের ক্ষতি হবে এবং গণতান্ত্রিক কাঠামো চ্যালেঞ্জের মুখে পড়বে। তাঁর দাবি, আগেরবার ৪০০ পারের লক্ষ্য পূরণ না হওয়ায় আসন বাড়িয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা হচ্ছে, যাতে ভবিষ্যতে সংবিধানের বদলে অন্য মতাদর্শ চাপিয়ে দেওয়া যায়। সব মিলিয়ে দিল্লির এই বৈঠক বিরোধী শিবিরের অন্দরের টানাপোড়েনকেই সামনে এনে দিল।
Leave a comment