কলকাতাঃ অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যজুড়ে বিক্ষোভ চলছে। বহু মহিলা দাবি করছেন, যোগ্য হওয়া সত্ত্বেও চলতি মাসের ৩ হাজার টাকা এখনও তাঁদের অ্যাকাউন্টে ঢোকেনি। এই পরিস্থিতিতে মহিলাদের ক্ষোভ-বিক্ষোভ নিয়ে সরব হলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, এই অসন্তোষের পিছনে তৃণমূলের ইন্ধন রয়েছে।
শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, সব সরকারি প্রকল্পেরই নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতার মাপকাঠি রয়েছে। সেই মাপকাঠির মধ্যে যাঁরা পড়বেন, তাঁরাই সুবিধা পাবেন বলে জানান তিনি। একইসঙ্গে তৃণমূলের আমলে সরকারি সুবিধা দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তারও সমালোচনা করেন দিলীপ। তাঁর বক্তব্য, প্রত্যেককে সব সুবিধা দেওয়া সম্ভব নয়। সরকারি প্রকল্পের ক্ষেত্রে নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনে চলতে হয়।
অন্যদিকে, শুক্রবার পশ্চিম মেদিনীপুরে অন্নপূর্ণার টাকা নিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জেলাশাসকের দফতরে প্রশাসনিক বৈঠক চলাকালীন একদল মহিলা সেখানে ঢুকে নিজেদের অভিযোগ জানান। পরিস্থিতি সামাল দিতে বৈঠক ছেড়ে তাঁদের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা। সেখানেও বিক্ষোভের নেপথ্যে তৃণমূলের লোকজনের মদত রয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় সেগুলি আপলোড ও যাচাই করতে সময় লাগছে। তাই আবেদনকারীদের কিছুটা ধৈর্য ধরার বার্তাও দেন মন্ত্রী।
বিষয় : Dilip Ghosh Annapurna Yojana

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন