কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের হোর্ডিং অপসারণ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। কলকাতা পুরসভার তরফে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের একটি বিতর্কিত বেআইনি বিলবোর্ড সরানোর আবেদন জানানো হয়েছিল পুলিশের কাছে। সেই অনুযায়ী পুর আধিকারিকদের নিরাপত্তা দিতে ঘটনাস্থলে শেক্সপিয়র সরণি থানার পুলিশ পৌঁছতেই বাধে চরম বিপত্তি। পুলিশের অভিযোগ, পুর প্রতিনিধি ও পুলিশকর্মীরা পৌঁছনোমাত্রই সাংসদ ডেরেক ও’ব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবীর এবং বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক সেখানে বেআইনি জমায়েত করেন এবং পুরকর্মীদের কাজে সরাসরি বাধা দেন।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুলিশ ও পুরসভার আধিকারিকদের ওপর চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মীকে নিগ্রহের পাশাপাশি তাঁর শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। একইসঙ্গে সরকারি কর্মীদের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। বৃহস্পতিবার বিকেলের এই চরম বিশৃঙ্খলার জেরে শেষপর্যন্ত ৩টি পৃথক মামলা রুজু করে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ এবং এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ টানাপোড়েন ও চরম উত্তেজনার পর অবশেষে বৃহস্পতিবার সন্ধে ৬টা নাগাদ পুরকর্মীরা সেই বিতর্কিত বিলবোর্ডটি সম্পূর্ণ সরিয়ে ফেলেন।
হিডেন স্টোরিজ নিউজ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন