কলকাতা: ক্যামাক স্ট্রিটের ধুন্ধুমার কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূলের অন্দরে আরও বড়সড় আইনি চাপ। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার শেক্সপিয়র সরণি থানার পুলিশের তরফে তলব করা হলো রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। রবিবার সকালে সরাসরি সাংসদের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসভবনে পৌঁছে যান তদন্তকারী আধিকারিকরা। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর ডেরেকের প্রতিনিধির হাতে সমনের নোটিস তুলে দেওয়া হয়। সূত্রের খবর, সরকারি কাজে বাধা ও অশান্তির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবারই তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে বেআইনি বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুরসভা ও পুলিশের আধিকারিকদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাকর্মীদের তীব্র ধস্তাধস্তি বাধে। অভিযোগ, পুলিশের কলার ধরে নিগ্রহ করা থেকে শুরু করে মহিলা পুলিশকর্মীদের হেনস্থা—কোনো কিছুই বাদ যায়নি। ঘটনার সময় ওই অফিসে ডেরেক ও’ব্রায়েন স্বয়ং উপস্থিত ছিলেন বলে পুলিশ সূত্রে দাবি।
এই ঘটনায় ইতিমধ্যেই তিনটি পৃথক এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। এফআইআরে নাম রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। শনিবার রাতেই কালীঘাটে তাঁর বাড়িতে গিয়ে ১ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার জন্য সমন দিয়ে এসেছে শেক্সপিয়র সরণি থানা। ঘটনার পর থেকেই দফায় দফায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাসকদলের শীর্ষ দুই সাংসদকে পরপর তলবের ঘটনায় চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন