শিলিগুড়ি: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া উপভোক্তাদের পাশে দাঁড়াতে এবার সরাসরি হস্তক্ষেপ করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। রবিবার কলকাতা যাওয়ার পথে নিজের সোশ্যাল মিডিয়ায় লাইভ করে তিনি স্পষ্ট বার্তা দেন যে, যাঁরা এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি, তাঁরা যেন দ্রুত হিলকার্ট রোডের বিধায়ক কার্যালয়ে গিয়ে নিজেদের যাবতীয় তথ্য জমা দেন। সোমবার দুপুর দেড়টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।
শিলিগুড়ি শহরে এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার মহিলা এই প্রকল্পের আওতায় অর্থ পেলেও বহু উপভোক্তা এখনও বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর জেরে ক্ষুব্ধ মহিলারা কখনও পুরনিগম আবার কখনও মহকুমা শাসকের দপ্তরে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। সম্প্রতি পর্যটনমন্ত্রী প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে স্টিকার সাঁটানোর কাজ শুরু করলে সেখানেও বহু মহিলা টাকা না পাওয়ার ক্ষোভ মন্ত্রীর সামনে উগরে দেন। এরপরেই সমস্যা মেটাতে বিধায়ক কার্যালয়ে সরাসরি নাম ও তথ্য সংগ্রহের এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ার লাইভে মন্ত্রী আবেদনকারীদের আশ্বস্ত করে জানান, যাঁদের টাকা এখনও ঢোকেনি তাঁদের ঘাবড়ানোর বা মন খারাপ করার কোনও কারণ নেই। প্রযুক্তিগত বা অন্য কোনও সমস্যার কারণেই হয়তো অর্থ পৌঁছায়নি। তিনি জানান, জমা পড়া সমস্ত নথিপত্র তিনি নিজে নারী ও শিশু কল্যাণমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন এবং বাকিরাও যাতে দ্রুত প্রাপ্য অর্থ পান সেই ব্যবস্থা নিশ্চিত করবেন। পাশাপাশি যাঁরা ইতিমধ্যেই প্রকল্পের সুবিধা পেয়েছেন, তাঁদের বাড়িতে স্টিকার সাঁটাতে যাওয়া কর্মীদের সহযোগিতা করার আবেদনও জানিয়েছেন মন্ত্রী।
হিডেন স্টোরিজ নিউজ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন