কলকাতাঃ দুর্গাপুজোয় উৎসবের জৌলুসের পাশাপাশি শাস্ত্রীয় রীতিনীতি ও পুজোর বিধিবিধানকেও গুরুত্ব দেওয়ার বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, থিম বা আড়ম্বর নিয়ে আপত্তি নেই, কিন্তু তার আড়ালে যেন দুর্গাপুজোর মূল আচার হারিয়ে না যায়।
নতুন জামাকাপড়, খাওয়াদাওয়া, প্যান্ডেল ঘোরা থেকে শুরু করে নানা আয়োজন সব মিলিয়েই তৈরি হয় পুজোর আবহ। তবে এই উৎসবের মধ্যেই পুজোর নির্দিষ্ট বিধি ও আচার কতটা মানা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ। তাঁর মতে, বড় আয়োজন বা থিম পুজো হতেই পারে। কিন্তু পুজোর মূল নিয়মগুলি বাদ দিয়ে শুধুমাত্র আনন্দ-উৎসবে জোর দিলে তার ধর্মীয় তাৎপর্য নষ্ট হয়। এই প্রসঙ্গেই বামেদের নিশানা করেছেন দিলীপ। তাঁর অভিযোগ, বাম আমলে ‘দুর্গাপুজো’র বদলে ‘শারদোৎসব’ শব্দটি বেশি ব্যবহার করা হত। এর ফলে দুর্গাপুজোর ধর্মীয় পরিচয়কেই আড়াল করার চেষ্টা হয়েছিল।
উদাহরণ হিসেবে দিলীপ বিয়ের প্রসঙ্গ টেনে বলেন, বিয়েতে যতই জাঁকজমক থাকুক, নির্দিষ্ট মন্ত্র ও আচার তো মানতেই হয়। একই ভাবে দুর্গাপুজোর ক্ষেত্রেও মূল বিধিগুলি পালন করা জরুরি। এর আগে পুজোর সময় বামেদের বুকস্টল নিয়েও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ কটাক্ষ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে পুজোর মণ্ডপের সামনে বামেদের রাজনৈতিক বই বিক্রির মাধ্যমে ধর্মীয় আবহকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হয়েছে।
এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবে রাজ্য সরকার। সেখানে এবারের দুর্গাপুজোর রূপরেখা নিয়ে আলোচনা হওয়ার কথা। অষ্টমীর দিন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার সম্ভাবনা নিয়েও জল্পনা রয়েছে।
বিষয় : Dilip Ghosh Durga Puja

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন