আরজি করের অভয়া-কাণ্ডের পর রাজ্যের আইন-শৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্নের মুখে পড়েছিল তৎকালীন সরকার। সেই আবহেই ক্ষমতায় আসার এক মাসের মধ্যে আইন-শৃঙ্খলা জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করল শুভেন্দু অধিকারীর সরকার। বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি থানায় সাইবার ক্রাইম হেল্প ডেস্ক এবং প্রতিটি মহকুমায় ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ চালুর ঘোষণা করেন।
রাজ্যে দ্রুত বাড়তে থাকা সাইবার প্রতারণা, ডিজিটাল অ্যারেস্ট, অনলাইন জালিয়াতি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার মতো অপরাধ রুখতেই প্রতিটি থানায় বিশেষ সাইবার হেল্প ডেস্ক চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, গোটা রাজ্যের সাইবার অপরাধ দমনের দায়িত্বে একজন এডিজি বা আইজি পদমর্যাদার আধিকারিক থাকবেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের সমস্ত সাইবার পুলিশ স্টেশন ও হেল্প ডেস্কের কাজ তদারকি করবেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় পরিকাঠামোও গড়ে তোলা হবে। নারী নিরাপত্তায়ও বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে রাজ্যের ৫০০টি থানায় চালু হচ্ছে মহিলা হেল্প ডেস্ক। সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশকর্মীরা দায়িত্বে থাকবেন, যাতে মহিলা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিরা সহজে এবং নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন। একইসঙ্গে প্রতিটি মহকুমায় গঠন করা হচ্ছে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’, যা নারী নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় দ্রুত পদক্ষেপ নেবে।
জরুরি পরিষেবা আরও দ্রুত করার ওপরও জোর দিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে জরুরি নম্বরে ফোন করার পর পুলিশ পৌঁছতে গড়ে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। সেই সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে আগামী বাজেটে ১১২ জরুরি পরিষেবার জন্য আরও বেশি সংখ্যক পুলিশ গাড়ি যুক্ত করা হবে।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন