কলকাতা: মেসিকাণ্ডে এবার আরও বড়সড় আইনি ও রাজনৈতিক অস্বস্তিতে পড়লেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। যুবভারতীতে লিওনেল মেসির হাইভোল্টেজ ইভেন্টকে কেন্দ্র করে ঘটা চরম বিশৃঙ্খলা ও আর্থিক কেলেঙ্কারির মামলায় এবার অরূপ বিশ্বাসকে ফের একবার তলবের নোটিস পাঠাল পুলিশ।
আগামী ৭ জুলাই, মঙ্গলবার সকাল ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় সশরীরে হাজির হওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আইনি ঘেরাটোপ ও আদালতের দরজায় চক্কর কেটে তিন-তিনবার পুলিশের হাজিরা এড়ালেও শেষরক্ষা হয়নি। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশের পর গত ১৮ জুন এবং পরবর্তীতে ২২ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বাধ্য হয়েছিলেন তিনি। এবার সেই একই মামলায় আরও গভীর তদন্তের স্বার্থে অরূপকে পুনরায় তলব করায় নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
এই মেগা বিতর্কের সূত্রপাত গত বছর ডিসেম্বর মাসে। যুবভারতীতে মেসির মেগা ইভেন্টে মারাত্মক বিশ্ঙ্খলার অভিযোগে পুলিশ প্রথমে গ্রেফতার করেছিল মূল আয়োজক শতদ্রু দত্তকে। সেই সময় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছিল। পরবর্তীতে শতদ্রু দত্ত জামিনে মুক্তি পেয়েই রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহকে কাজে লাগিয়ে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় গিয়ে বিস্ফোরক অভিযোগ দায়ের করেন। শতদ্রুর করা এফআইআর-এ প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার, কোটি কোটি টাকার টিকিট ব্ল্যাক করা এবং মারাত্মক আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এরপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, পুলিশের তদন্ত তদন্তের মতোই চলবে এবং অরূপকে নির্দিষ্ট দিনেই হাজিরা দিতে হবে। তবে হাইকোর্ট আগামী ১৭ অগস্ট পর্যন্ত প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ বা গ্রেফতারির ওপর অন্তর্বর্তী রক্ষাকবচ জারি রেখেছে।
আইনি টানাপোড়েনের পাশাপাশি এই মেসিকাণ্ডকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে এক চরম নাটকীয় পালাবদল ঘটে গিয়েছে। বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস বুক ঠুকে দাবি করেছিলেন, তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। কিন্তু তার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই এক চরম রাজনৈতিক ডিগবাজি খান তিনি। থানা থেকে গাড়ি ঘুরিয়ে তিনি সোজা চলে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন রাজনৈতিক শিবিরে।
'দেবরাজের মতো আরও অনেক স্যাম্পেল আছে'— বিস্ফোরক দাবি দিলীপের
শুধু তাই নয়, নতুন রাজনৈতিক মঞ্চে পা রাখতেই দলবদলু এই নেতাকে কমিটির ভাইস প্রেসিডেন্ট পদের মতো বড় গুরুদায়িত্ব দিয়ে পুরস্কৃত করা হয়। একদিকে দলবদল আর অন্যদিকে মেসিকাণ্ডে পুলিশের এই ঘন ঘন তলব—সব মিলিয়ে আগামী ৭ জুলাই বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের এই হাজিরাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির পারদ যে চড়চড় করে বাড়বে, তা বলাই বাহুল্য।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন