শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দিন পশ্চিমবঙ্গে। রাজ্যে ক্ষমতায় আসার পর তাঁর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করেছে বিজেপি সরকার। সেই আবহেই একাধিক সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার বিকেলে প্রথমে ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার মূর্তির শিলান্যাস করবেন অমিত শাহ। এরপর তিনি যাবেন ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে। সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পর সায়েন্স সিটির সংলগ্ন বিশ্ববাংলা মেলা (মিলন মেলা) প্রাঙ্গণে আয়োজিত শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই তিনটি কর্মসূচিতেই অমিত শাহর সঙ্গে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ ও শীর্ষ নেতাদের। পাশাপাশি বিধানসভাতেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিন সকাল ১১টায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাবেন শ্যামাপ্রসাদের শিক্ষাপ্রতিষ্ঠান মিত্র ইনস্টিটিউশনে। জন্মজয়ন্তী উপলক্ষে আলোকসজ্জায় সেজে উঠেছে স্কুল এবং ভবানীপুরে তাঁর পৈতৃক বাড়িও। দলীয় নির্দেশ অনুযায়ী, রাজ্যের প্রতিটি জেলাতেই শ্যামাপ্রসাদকে স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভারতীয় মজদুর সংঘ এবং সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনও পৃথক কর্মসূচির আয়োজন করেছে। বিজেপির দাবি, দেশভাগের সময় পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই কর্মসূচিগুলির অন্যতম উদ্দেশ্য।
তবে জন্মজয়ন্তীর আগেই উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের একটি মূর্তির বেদির নিচের অংশ ভাঙচুরের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নামফলকও ভেঙে ফেলা হয়েছে। ঘটনায় আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ রূপেশ হাজরা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আদালতের নির্দেশে তাঁকে ৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বিষয় : shyamaprasadmuukherjee Amit Shah

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন