কলকাতা: রথের পুণ্যতিথিতেই কি ভাসতে চলেছে তিলোত্তমা? আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে কিন্তু সেই আশঙ্কাই তীব্র হচ্ছে। দক্ষিণবঙ্গে বর্ষার চেনা মেজাজ উধাও করে এবার আছড়ে পড়তে চলেছে জোড়া ফলা। বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার সাঁড়াশি আক্রমণে কার্যত কাঁপছে গোটা রাজ্য। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রথযাত্রার দিনই কলকাতায় ভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এক ধাক্কায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কায় ঘুম উড়েছে প্রশাসনের।
হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর ওড়িশা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় অবস্থান করা এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী দু’দিনের মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। যার জেরে সমুদ্র চরম উত্তাল থাকার সম্ভাবনা। পরিস্থিতি বেগতিক দেখে আগামী ১৮ জুলাই শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বিপদের মুখে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও দিনভর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।
রথের দড়িতে টান বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের
তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কপালেও চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে। বৃহস্পতিবার থেকেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির মতো পাহাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, আগামী রবিবার ও সোমবার উত্তরবঙ্গের এই ওপরের পাঁচ জেলাতেই ২০০ মিলিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তর ও দক্ষিণদিনাজপুরেও জারি থাকবে হলুদ সতর্কতা। মঙ্গলবারের আগে উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। রথের আনন্দ উপভোগ করার মাঝেই তাই আমজনতাকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদেরা।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন