ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য উদ্যোগ ‘সেবাশ্রয়’কে ঘিরে ফের বিতর্ক। এবার এক শিশুকন্যার চিকিৎসা নিয়ে গুরুতর অভিযোগ তুলল তার পরিবার। পরিবারের দাবি, ‘সেবাশ্রয়’-এর পরামর্শ মেনে চিকিৎসা করানোর পরই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শেষ পর্যন্ত শিশুটির ডান হাত কাঁধ থেকে কেটে বাদ দিতে বাধ্য হন চিকিৎসকরা।
বুধবার এই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। পরিবারের দাবি, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বাসিন্দা ওই শিশুকন্যা জন্ম থেকেই একটি বিরল রক্তনালির জটিল রোগে আক্রান্ত। জন্মের পর থেকেই কলকাতার একাধিক হাসপাতালে তার চিকিৎসা চলছিল। পরে তাকে ভেলোর এবং দিল্লির এইমসেও নিয়ে যাওয়া হয়। ২০২৪ সালের মার্চ মাস থেকে এইমসের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়েছিল বলে পরিবারের দাবি। কিন্তু দীর্ঘ চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়ে। সেই কারণেই আর্থিক সাহায্যের আশায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন শিশুটির পরিবার। তাঁদের অভিযোগ, আর্থিক সাহায্যের বদলে ‘সেবাশ্রয়’ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
পরে একাধিকবার বিভিন্ন চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও কার্যকর সাহায্য মেলেনি। পরবর্তীতে পানাকুয়া সেবাশ্রয় ক্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ফের আর্থিক সহায়তার আবেদন জানানো হয়। সেখান থেকে শিশুটিকে আরজি কর হাসপাতালে রেফার করা হয় বলে অভিযোগ। শিশুটির পরিবারের দাবি, এর পর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত দিল্লি ও বেঙ্গালুরুর চিকিৎসকদের পরামর্শে শিশুটির প্রাণ বাঁচাতে ডান হাত কাঁধ থেকে বাদ দিতে বাধ্য হন চিকিৎসকরা। এখানেই শেষ নয়। পরিবারের অভিযোগ, তাঁদের অনুমতি ছাড়াই শিশুটির ছবি ব্যবহার করা হয়েছে ‘নীরব বিপ্লব’ নামে একটি প্রকাশনায়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকার বিভিন্ন কর্মসূচির প্রচার করা হয়েছে।
বিষয় : Abhisheik Banerjee sebashroyscam

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন