বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর পরিকল্পনায় আপাতত বড়সড় ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। বরং প্রয়োজন হলে কলকাতার এসএসকেএম হাসপাতালেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে।
বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপিকে উদ্দেশ্য করে করা ‘ডিজে’ মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলার শুনানিতে এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে হাজির হন অভিষেকের আইনজীবী। তিনি আদালতের কাছে আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন জানান। আদালত সেই আবেদন মেনে আগামী ৬ অক্টোবর পর্যন্ত রক্ষাকবচ বহাল রাখলেও বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আর্জি খারিজ করে দেয়। জানা গিয়েছে, আগামী ২৯ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই আবেদন নিয়ে শুনানির সময় বিচারপতি প্রশ্ন তোলেন, কলকাতায় উন্নত চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও কেন বিদেশে যেতে হবে? আদালতের পর্যবেক্ষণ, এসএসকেএম-সহ রাজ্যের সরকারি হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব। এমনকি প্রয়োজন পড়লে এসএসকেএম হাসপাতালে বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করার কথাও উল্লেখ করেন বিচারপতি।
ফলে আপাতত বিদেশে চিকিৎসার পরিকল্পনায় ইতি টানতে হচ্ছে অভিষেককে। যদিও এই মামলায় তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ আপাতত নেওয়া যাবে না, কারণ আদালত তাঁর আইনি সুরক্ষার মেয়াদ বাড়িয়ে দিয়েছে।
বিষয় : TMC Abhishek Banerjee America SSKM

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন