পুজোর সাজে চোখের মেকআপ আমরা কম-বেশি সকলেই করি। কিন্তু তা যতই নিখুঁত হোক, ভ্রু যদি পাতলা বা অসমান দেখায়, পুরো লুকটাই যেন একটু ফিকে লাগে। তাই পুজোর আগে শুধু ত্বক বা চুলের যত্ন নয়, ভ্রুর দিকেও একটু বাড়তি নজর দেওয়া জরুরি। তবে একেবারে শেষ মুহূর্তে ছুটোছুটি না করে এখন থেকেই শুরু করুন ভ্রুর পরিচর্যা। বাড়িতে থাকা কয়েকটি উপাদান ভ্রু ও আশপাশের ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করতে পারে। পুজোর আগে কীভাবে যত্ন নেবেন, রইল কয়েকটি সহজ উপায়।
ক্যাস্টর অয়েল
চুলের পরিচর্যায় ক্যাস্টর অয়েলের ব্যবহার বেশ পুরনো। এতে থাকা রিসিনোলেইক অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড ত্বক যা চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। পরিষ্কার কটন বাডে অল্প কোল্ড-প্রেসড ক্যাস্টর অয়েল নিয়ে ভ্রুর উপর আলতো করে লাগাতে পারেন। দু’-তিন মিনিট খুব হালকা হাতে ম্যাসাজ করে রাতে রেখে সকালে ধুয়ে ফেলুন।
নারকেল তেল
নারকেল তেলে থাকা লরিক অ্যাসিড চুলের প্রোটিনের ক্ষয় কমাতে সাহায্য করতে পারে। ফলে ভ্রু আর্দ্র ও তুলনামূলকভাবে মজবুত রাখতে এটি ব্যবহার করা যায়। অল্প ভার্জিন নারকেল তেল নিয়ে ভ্রুতে আলতো করে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। রাতে ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যায়।
অ্যালোভেরা জেল
পুজোর আগে ভ্রুর আশপাশের ত্বককে মসৃণ ও আর্দ্র রাখতেও অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। পরিষ্কার ভ্রুর উপর সামান্য অ্যালোভেরা জেল লাগিয়ে প্রায় ২০-৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েক দিন ব্যবহার করা যেতে পারে।
পিঁয়াজের রস
পিঁয়াজের রসে সালফার রয়েছে, তাই চুলের পরিচর্যায় এটি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের ঘরোয়া পদ্ধতি প্রচলিত। অল্প পিঁয়াজের রস কটন বাড দিয়ে ভ্রুতে লাগিয়ে ১৫-২০ মিনিটের বেশি না রেখে ধুয়ে ফেলতে পারেন। তবে চোখের খুব কাছাকাছি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন। জ্বালা বা অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন।
অলিভ অয়েল
ভ্রুর চুল ও আশপাশের ত্বককে ময়েশ্চারাইজ রাখতে এক ফোঁটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। রাতে ঘুমোনোর আগে পরিষ্কার ভ্রুতে খুব অল্প তেল আলতো হাতে লাগিয়ে দিন। সকালে মুখ ধোয়ার সময় পরিষ্কার করে নিন।
তবে, কোনও ঘরোয়া উপায়েই রাতারাতি ভ্রু ঘন হয়ে যাবে না। ভ্রুর চুলের স্বাভাবিক বৃদ্ধি সময়সাপেক্ষ। তাই পুজোর অন্তত কয়েক সপ্তাহ আগে থেকেই নিয়মিত পরিচর্যা শুরু করাই ভালো। আর যদি দীর্ঘদিনেও কোনও পরিবর্তন না আসে, বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।
বিষয় : Durga Puja Eyebrow Care

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন