ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি (২০২৬) বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনও পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে রাষ্ট্রসংঘ। মঙ্গলবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে আয়োজিত সাধারণ ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এ কথা স্পষ্ট করেন। তবে, পর্যবেক্ষক না পাঠালেও নির্বাচন প্রক্রিয়ায় কারিগরি সহায়তা প্রদানের বিষয়টি যে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, তাও রাষ্ট্রসংঘের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে স্তেফান দুজারিক বলেন, রাষ্ট্রসংঘ সাধারণত নিজের উদ্যোগে কোনও দেশের নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠায় না। এ ধরনের পদক্ষেপ করার জন্য রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট 'ম্যান্ডেট' বা অনুমোদনের প্রয়োজন হয়। বর্তমানে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের কোনও ম্যান্ডেট নেই। তাই সরাসরি নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি রাষ্ট্রসংঘের কাজের আওতায় পড়ছে না।
তবে তিনি এ-ও জানান যে, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে রাষ্ট্রসংঘ নিয়মিতভাবে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশে রাষ্ট্রসংঘের কার্যালয় এই ধরনের কোনও কারিগরি সহায়তা দিচ্ছে কিনা, সেই বিষয়ে তিনি খোঁজ নেবেন।
এই ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার প্রসঙ্গটি উঠলে দুজারিক কিছুটা কৌশলী উত্তর দেন। তিনি জানান, কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রত্যাবর্তন বা রাজনৈতিক ঘটনার মূল্যায়ন করা তাঁর কাজ নয়। এটি সাংবাদিকদের সংবাদ বিশ্লেষণের বিষয়। তবে তিনি জোর দিয়ে বলেন, "রাষ্ট্রসংঘ চায় বাংলাদেশের জনগণ যেন তাদের রাজনৈতিক মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা পায়। গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে রাষ্ট্রসংঘ সবসময় সমর্থন করে যাবে।"
এর পাশাপাশি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে। দুজারিক বলেন, "বেগম জিয়ার প্রয়াণে আমরা তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।"
হিডেন স্টোরিজ নিউজ/কলকাতা/সুপর্ণা/এসএইচকে

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন