বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা মিটতেই এবার শীতের সবথেকে বড় উৎসবের ঢাকে কাঠি পড়ল। আগামী ২২ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সোমবার দ্য পার্ক হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে মেলার আনুষ্ঠানিক নির্ঘণ্ট ঘোষণা করা হয়। সল্টলেকের করুণাময়ী সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে বইমেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবারের বইমেলার অন্যতম বড় চমক হল থিম কান্ট্রি আর্জেন্টিনা। ভিক্টোরিয়া ওকোম্পো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐতিহাসিক সাংস্কৃতিক যোগসূত্র, সেই সম্পর্ককেই এবার নতুনভাবে উদযাপন করা হবে মেলা প্রাঙ্গণে। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, ফুটবলের প্রতি বাঙালির আবেগের কারণে আর্জেন্টিনার সাথে কলকাতার আত্মার টান রয়েছে। কাকতালীয়ভাবে, মেলার আগেই ডিসেম্বরে ভারত সফরে কলকাতায় পা রাখতে পারেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি, যা বইমেলার উন্মাদনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
গত বছরের মতো এবারও কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশ প্যাভিলিয়ন। গিল্ডের তরফে স্পষ্ট করা হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ এবারও মেলায় অংশ নিচ্ছে না। তবে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, স্পেন, জাপান এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ সহ ভারতের বিভিন্ন প্রদেশের বহু প্রকাশনা সংস্থা মেলায় স্টল দিচ্ছে।
২০২৭ সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পা দেবে ৫০ বছরে। সেই সুবর্ণজয়ন্তী বর্ষকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে গিল্ড। ২০২৬-এর মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মেলার প্রথম ২০ বছরের (১৯৭৬-১৯৯৬) দুর্লভ ছবির প্রদর্শনী ও প্রতিযোগিতা। প্রসঙ্গত, ২০২৫ সালের মেলায় ২৭ লক্ষ মানুষের সমাগম হয়েছিল এবং প্রায় ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল, যা এবারও ছাপিয়ে যাবে বলে গিল্ডের আশা।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন