হাওড়া: রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল হাওড়ার শালিমার এলাকা। শিবপুর থানা এলাকার শালিমার জিআরপি গেটের ঠিক সামনেই অবস্থিত বেশ কিছু অস্থায়ী দোকানে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে আশপাশের ঝুপড়ি ও দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে পুরোপুরি ছাই হয়ে গেছে একটি বড় গাড়ি ও একটি ভ্যান।
স্থানীয় সূত্রে খবর, শালিমার জিআরপি গেটের কাছে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু টায়ার সারাইয়ের দোকান ও প্লাস্টিকের বোতলের গুদামে রাত ১০টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। টায়ার ও প্লাস্টিক মজুত থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত আকাশচুম্বী আকার ধারণ করে। রাতের নিস্তব্ধতা ভেঙে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে চলে আসে পাশে দাঁড়িয়ে থাকা একটি বড় গাড়ি ও একটি ভ্যান। চোখের পলকে গাড়ি দুটি কঙ্কালে পরিণত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিবপুর ফায়ার স্টেশনের দমকলের দুটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা ও দাহ্য পদার্থের উপস্থিতির কারণে জল দিয়ে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের পক্ষ থেকে বিশেষ 'ফোম' ব্যবহার করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শিবপুর ফায়ার স্টেশনের আধিকারিক তপন কুমার মণ্ডল জানান:
"শালিমার জিআরপি-র কাছে কিছু অবৈধ দোকান ছিল, যেখানে এই আগুন লাগে। আমরা দুটি ইঞ্জিন নিয়ে এসে কাজ শুরু করি। আগুনের তীব্রতা বেশি থাকায় ফোম ব্যবহার করতে হয়েছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। একটি বড় গাড়ি ও একটি ভ্যান পুড়ে গেছে, তবে কোনো হতাহতের খবর নেই। আগুন লাগার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।"
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মহম্মদ হকিক জানান, তিনি সেই সময় বন্ধুকে নিয়ে বাইরে গিয়েছিলেন। ফোনে খবর পেয়ে ছুটে এসে দেখেন বন্ধুর দোকানসহ আশপাশের সব দোকান দাউদাউ করে জ্বলছে। স্থানীয় এক মিস্ত্রির কথায়, "এখানে অনেক গরিব মানুষ টায়ার পঞ্চার সারাই করে জীবন চালাত। আগুনে অনেকের রুজি-রুটি শেষ হয়ে গেল।"
প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। রাতের বেলা এই ঘটনা ঘটায় বড় কোনো প্রাণহানি না হলেও বিপুল টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ও দমকল আগুনের সঠিক কারণ খতিয়ে দেখছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন