কলকাতা: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রেড রোডে কুচকাওয়াজের মহড়া চলাকালীন ফের ভয়াবহ দুর্ঘটনার আতঙ্ক। শনিবার সকালে একটি দ্রুতগতির বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গার্ডরেলে ধাক্কা মারে। এই ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও, ২০১৬ সালে বায়ুসেনা আধিকারিক অভিমন্যু গৌড়কে পিষে দেওয়ার সেই হাড়হিম করা স্মৃতি ফের উস্কে দিয়েছে।
শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ যখন রেড রোডে সেনা মহড়া চলছিল, ঠিক সেই সময় একটি কালো রঙের অক্টাভিয়া গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে মহড়াস্থলের দিকে ধেয়ে আসে। কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি আটকানোর চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারায় এবং সজোরে গার্ডরেলে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটিতে ৩-৪ জন কমবয়সী যুবক-যুবতী ছিলেন। পুলিশের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার পরই গাড়িটি আটক করা হয়েছে। চালককেও আটক করেছে ময়দান থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িটির নথিপত্রে একাধিক গরমিল রয়েছে। বিশেষ করে ইনসিওরেন্স এবং দূষণ সংক্রান্ত শংসাপত্র সঠিক ছিল না বলেই খবর। চালক কেন নিষিদ্ধ এলাকায় অত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই দুর্ঘটনা শহরবাসীকে ১০ বছর আগের সেই অভিশপ্ত ১৩ জানুয়ারির কথা মনে করিয়ে দিয়েছে। ২০১৬ সালের সেই ভোরে তৎকালীন তৃণমূল নেতা মহম্মদ সোহরাবের ছেলে সাম্বিয়া সোহরাব একটি দ্রুতগতির অডি গাড়ি নিয়ে সমস্ত ব্যারিকেড ভেঙে রেড রোডের মহড়াস্থলে ঢুকে পড়েছিল। ওই ঘটনায় বায়ুসেনা আধিকারিক অভিমন্যু গৌড় প্রাণ হারিয়েছিলেন। শনিবারের ঘটনাটি বড় কোনও বিপর্যয় না ঘটালেও, সাধারণতন্ত্র দিবসের আগে রেড রোডের নিরাপত্তা বেষ্টনী নিয়ে ফের প্রশ্ন তুলে দিল।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহড়া চলাকালীন ওই এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। যাতে আগামী দিনে এমন বেপরোয়া গাড়ি কোনওভাবেই প্রবেশ করতে না পারে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন