কলকাতা: পার্ক স্ট্রিটের জনপ্রিয় রেস্তোরাঁয় এক ওয়েটারের গ্রেফতারির প্রতিবাদে উত্তাল হলো রাজপথ। আজ মানবাধিকার সংগঠন এপিডিআর-এর (APDR) পক্ষ থেকে ওই রেস্তোরাঁ থেকে পার্ক স্ট্রিট থানা পর্যন্ত এক প্রতিবাদ মিছিল বের করা হয়। তাঁদের দাবি, ভুলবশত ঘটে যাওয়া কোনো ঘটনার জন্য কোনও শ্রমিককে এভাবে গ্রেফতার করা অনুচিত। অবিলম্বে ধৃত ওয়েটারের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।
গত শুক্রবার রাতে জনপ্রিয় অভিনেতা ও ইউটিউবার তাঁর বন্ধুদের নিয়ে ওই পাব-এ ডিনার করতে যান। ইউটিউবারের অভিযোগ, তিনি ‘মাটন স্টেক’ অর্ডার করলেও তাঁকে ভুল করে ‘বিফ স্টেক’ পরিবেশন করা হয়। বিষয়টি জানাজানি হতেই রেস্তোরাঁ চত্বরে উত্তেজনা ছড়ায়।ইউটিউবার এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন, যেখানে তাঁকে ওই ওয়েটারের ধর্ম ও নিজের ‘ব্রাহ্মণ’ পরিচয় নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা যায়।
ইউটিউবারের অভিযোগের ভিত্তিতে গত শনিবার পার্ক স্ট্রিট থানার পুলিশ ওই ওয়েটারকে (শেখ নাসিরুদ্দিন) গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ২৯৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।
এপিডিআর এবং সংগঠনের মতে, রেস্তোরাঁ পরিষেবা দেওয়ার সময় ব্যস্ততার কারণে এ ধরনের ভুল (Service Error) হতে পারে। কিন্তু তার জন্য একজন সাধারণ কর্মীকে সাম্প্রদায়িক রঙ লাগিয়ে গ্রেফতার করাটা মানবাধিকার লঙ্ঘন।
মিছিল থেকে আওয়াজ তোলা হয় যে, ম্যানেজমেন্টের ভুলে কেন একজন সাধারণ ওয়েটারকে বলির পাঁঠা করা হবে? অভিযোগকারীর ‘ব্রাহ্মণ’ পরিচয় দিয়ে আক্রমণ করার মানসিকতা এবং ঘটনাটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার প্রচেষ্টার তীব্র নিন্দা করা হয়েছে। এপিডিআর-এর প্রতিনিধিদের দাবি, পুলিশ অবিলম্বে এই মামলা প্রত্যাহার করুক এবং ধৃত কর্মীকে মুক্তি দিক।
এদিকে ইউটিউবার সেই ভাইরাল ভিডিও নিয়ে নেটপাড়ায় দুই পক্ষ তৈরি হয়েছে। এক পক্ষ তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাতের দাবিকে সমর্থন করলেও, বড় একটি অংশ মনে করছে যে সাধারণ একটি ভুলকে তিনি বড় আকার দিয়েছেন এবং একজন শ্রমিকের রুটিরুজিতে আঘাত হেনেছেন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন