গারুলিয়া: ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের অধীনে একটি শিশু উদ্যান নির্মাণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গারুলিয়া পৌরসভার রাজনীতি। তিন নম্বর ওয়ার্ডের ভারত হাউসিং ও গভর্মেন্ট কোয়ার্টার সংযোগস্থলে এই পার্ক তৈরির কাজ শুরু হতেই মুখোমুখি সংঘাতে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি খালের ভবিষ্যৎ।
বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হয়েছে যে, ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ খাল বুজিয়ে এই পার্কটি তৈরি করা হচ্ছে। ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক কুন্দন সিং এই উদ্যোগকে ‘অবৈজ্ঞানিক’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর দাবি, গারুলিয়া পৌরসভা এলাকায় একাধিক পুরনো পার্ক ইতিমধ্যেই ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। নতুন পার্ক করার আগে সেই পুরনো পার্কগুলির সংস্কার করা বেশি জরুরি ছিল। খালের অস্তিত্ব বিপন্ন করে এমন নির্মাণ জনস্বার্থবিরোধী।
বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণ নসাৎ করে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গারুলিয়া শহর তৃণমূল সভাপতি তথা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দত্তের দাবি, বিরোধীরা স্রেফ রাজনীতির স্বার্থে উন্নয়নের কাজে বাধা দিচ্ছে। তিনি বলেন, “উন্নয়ন হলেই বিরোধীরা বিভ্রান্তি ছড়াতে শুরু করে। এলাকা সাজিয়ে তোলার উদ্দেশ্যেই এই শিশু উদ্যান গড়া হচ্ছে।”
খাল বুজিয়ে পার্ক তৈরির অভিযোগ যদি সত্য হয়, তবে বর্ষায় এলাকায় জলমগ্ন হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ। উন্নয়ন বনাম পরিবেশ রক্ষার এই লড়াইয়ে শেষ পর্যন্ত শিশু উদ্যানের কাজ সময়মতো শেষ হয় কি না, এখন সেটাই দেখার।
বিষয় : BJP TMC Barrackpore Garulia

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন