কলকাতা: কলকাতার লাইফলাইন মেট্রো রেলের কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে নিতে বড় পদক্ষেপ নেওয়া হলো ধর্মতলায়। জোকা-এসপ্ল্যানেড করিডরের ভূগর্ভস্থ স্টেশন তৈরির পথে অন্যতম বাধা ছিল পুরনো বাস ডিপোটি। সেই বাধা কাটিয়ে আজ, বৃহস্পতিবার থেকেই রানি রাসমণি অ্যাভিনিউ ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝামাঝি অংশে নবনির্মিত আধুনিক বাস ডিপো থেকে সরকারি বাসের পরিষেবা শুরু হচ্ছে। রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) ও মেট্রো কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় তৈরি এই নতুন টার্মিনাসটি এখন যাত্রী স্বাচ্ছন্দ্যের এক নতুন ঠিকানা।
পরিবহণ দপ্তর ও মেট্রো কর্তৃপক্ষের সমন্বয়ে তৈরি এই নতুন ডিপোটিতে যাত্রীদের জন্য থাকছে একগুচ্ছ আধুনিক সুবিধা। এখন থেকে উত্তরবঙ্গ (NBSTC) ও দক্ষিণবঙ্গ (SBSTC) রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসের জন্য থাকছে পৃথক বুকিং কাউন্টার। যাত্রীদের দীর্ঘ অপেক্ষার ক্লান্তি দূর করতে তৈরি করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল ওয়েটিং রুম। শুধু যাত্রী নয়, বাস চালক ও কর্মীদের বিশ্রামের জন্য থাকছে আলাদা এসি ক্রু রুম। এছাড়া থাকছে আধুনিক 'পে অ্যান্ড ইউজ' টয়লেট এবং পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের আধিকারিকদের জন্য একটি নির্দিষ্ট কক্ষ।
বাসের সময়সূচী এবং যাতায়াত সংক্রান্ত তথ্যের জন্য ডিপো চত্বরে বসানো হয়েছে তিনটি বড় ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং ঘোষণা করার জন্য থাকছে উন্নত পাবলিক অ্যাড্রেস সিস্টেম। রাতে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বসানো হয়েছে ১৬ মিটারের হাই মাস্ট বাতিস্তম্ভ। যদিও নতুন এই ডিপো থেকে বাসের যাতায়াত রানি রাসমণি অ্যাভিনিউয়ের ধর্মতলামুখী লেন দিয়ে হবে, তাই যান চলাচল স্বাভাবিক রাখতে কলকাতা পুলিশ বিশেষ নজরদারি চালাচ্ছে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই সমস্ত আধুনিক সরঞ্জাম দিয়ে এই নতুন ডিপোটি সাজিয়ে তোলা হয়েছে। এই পরিবর্তনের ফলে মেট্রোর কাজে যেমন গতি আসবে, তেমনই দূরপাল্লার যাত্রীরাও পাবেন উন্নতমানের পরিষেবা।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন