কলকাতা: কলকাতার এজেসি বোস রোড সংলগ্ন বেনিয়াপুকুর এলাকায় এক বৃদ্ধের রহস্যময় মৃত্যু কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে একটি আবাসনের পাঁচতলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয় ৮৫ বছর বয়সী গ্যাব্রিয়েল জোনস গোমসের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘক্ষণ ‘তালাবন্দি’ অবস্থায় থাকার পর এই মর্মান্তিক পরিণতি ঘটে ওই বৃদ্ধের।
বুধবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে আবাসনের নীচে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। তাঁর পরনে ছিল টি-শার্ট ও লুঙ্গি। মাথায় গুরুতর আঘাত ও রক্তক্ষরণ হওয়ায় দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, সকাল ৬টা ৫ মিনিট নাগাদ তিনি ব্যালকনি থেকে নীচে পড়ে যান।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মৃত বৃদ্ধ ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁর দেখাশোনার জন্য সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত একজন পরিচারিকা থাকতেন। তবে, চাঞ্চল্যকর বিষয় হল, প্রতিদিন কাজ শেষে চলে যাওয়ার সময় পরিচারিকা বাইরে থেকে ফ্ল্যাটের দরজায় তালা দিয়ে যেতেন! অর্থাৎ, সারারাত ওই নিঃসঙ্গ বৃদ্ধ ফ্ল্যাটের ভিতর কার্যত বন্দি অবস্থায় থাকতেন। বুধবার সকালে যখন তাঁর দেহ নীচে উদ্ধার হয়, তখনও ফ্ল্যাটের মূল দরজা বাইরে থেকে তালাবন্ধ ছিল।
ঘটনার খবর পেয়ে বেনিয়াপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বৃদ্ধের ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে পুলিশ একে দুর্ঘটনা হিসাবে দেখলেও, কেন এক বৃদ্ধকে রাতে এভাবে বাইরে থেকে তালাবন্ধ করে রাখা হত, তা নিয়ে প্রশ্ন উঠছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ওই পরিচারিকা ও বৃদ্ধের আত্মীয়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এখনও পর্যন্ত এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন