কলকাতা: বিধানসভা ভোটের আবহে এবার রাজ্যসভার প্রার্থীতালিকায় বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাতে শাসকদলের তরফে ঘোষিত চার প্রার্থীর নাম ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামীকে সংসদের উচ্চকক্ষে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়!
রাজীব বনাম সুকান্ত: সেয়ানে সেয়ানে লড়াই
এই প্রার্থীতালিকায় সবচেয়ে বড় চমক অবশ্যই রাজীব কুমার। কয়েক দিন আগেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মানহানির মামলা করে শোরগোল ফেলেছিলেন তিনি। এবার সরাসরি তাঁকেই সংসদীয় রাজনীতিতে নিয়ে আসছেন মমতা। রাজনৈতিক মহলের মতে, সুকান্ত মজুমদার লোকসভার সাংসদ, আর রাজীব যাচ্ছেন উচ্চকক্ষে। ফলে লড়াই এবার হবে সমানে-সমানে।
সংস্কৃতি ও রাজনীতির ভারসাম্য: বাবুল সুপ্রিয়
বালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় পাঠানোও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শোনা যাচ্ছিল, তাঁকে আসানসোল দক্ষিণে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, গানের জগতে সময় দিতে চাওয়ায় তিনি কিছুটা অনীহা প্রকাশ করেন। সেক্ষেত্রে রাজ্যসভায় যাওয়ায় তাঁর রাজনৈতিক মর্যাদাও বজায় থাকল। আবার সঙ্গীতচর্চার সুযোগও বজায় থাকল।
গ্ল্যামার ও অধিকারের লড়াই: কোয়েল ও মেনকা
মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই টলিউডকে গুরুত্ব দিয়ে এসেছেন। সেই ধারা বজায় রেখেই এবার প্রার্থী করা হয়েছে রঞ্জিত-কন্যা কোয়েল মল্লিককে। অন্যদিকে, সমকামী অধিকার আন্দোলনের অন্যতম মুখ এবং বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামীকে মনোনীত করে তৃণমূল এক অনন্য সামাজিক বার্তা দিল। মেনকা নিজে একজন ঘোষিত সমকামী এবং এলজিবিটিকিউ (LGBTQ+) আন্দোলনের অগ্রণী সেনানী। এই মনোনয়নকে তৃণমূলের প্রগতিশীল চিন্তাধারার প্রতিফলন হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা।
কাদের জায়গা হল না?
তৃণমূলের চারজনের এই প্রার্থীতালিকার মধ্যে জায়গা হয়নি গতবারের সাংসদ সাকেত গোখলের। এছাড়াও সূত্রের খবর, সুব্রত বক্সী শারীরিক কারণে নিজেই অব্যাহতি চেয়েছিলেন। আর, মৌসম বেনজির নূর দলত্যাগ করে কংগ্রেসে ফিরে গিয়েছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে দলের।
আগামী ১৬ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিধায়ক সংখ্যার নিরিখে তৃণমূলের এই চারটি আসনে জয় কার্যত নিশ্চিত।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন