কলকাতা: মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধ মেঘের ছায়া এবার সরাসরি পড়ল ভারতীয় বিমান পরিষেবায়। আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরান তথা সমগ্র পশ্চিম এশিয়ায় তৈরি হওয়া চরম উত্তেজনার প্রভাবে সোমবার কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ২০টি বিমান। শুধু কলকাতা নয়, দিল্লি, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো বড় বিমানবন্দরগুলিতেও পরিষেবা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে।
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, সোমবার পাঁচটি আন্তর্জাতিক উড়ান সংস্থার মোট ২০টি আসা-যাওয়ার বিমান বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে - এমিরেট্স: ৮টি বিমান, কাতার এয়ারওয়েজ: ৪টি বিমান, এহতিহাদ এয়ারওয়েজ: ৪টি বিমান, এয়ার আরাবিয়া: ২টি বিমান, ফ্লাই দুবাই: ২টি বিমান।
দুবাই, দোহা এবং আবু ধাবির মতো বিমানবন্দরগুলি ভারতীয়দের জন্য ইউরোপ ও আমেরিকায় যাওয়ার প্রধান 'ট্রানজিট হাব' হিসাবে কাজ করে। এই রুটগুলি বন্ধ হয়ে যাওয়ায় কয়েক হাজার যাত্রী মাঝপথে আটকে পড়েছেন। দুবাই ও মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখায় পর্যটক ও ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
পরিস্থিতি পর্যালোচনায় রবিবার রাতে দিল্লি ফিরেই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (Cabinet Committee on Security) বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।
অন্যদিকে, ভারতে আটকে পড়া বিদেশি নাগরিকদের আশ্বস্ত করেছে বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে, ভিসার মেয়াদ বৃদ্ধি বা ভারতে থাকার বিষয়ে যে কোনও সহায়তায় সরকার প্রস্তুত। বিদেশি পর্যটকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পশ্চিম এশিয়ায় কর্মরত ভারতীয়দের ভিসা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। একই সঙ্গে যারা ছুটি কাটাতে বা কাজে বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছিলেন, বিমান বাতিলের ফলে তাঁদের সেই সফরের ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে।
বিষয় : US Iran war Flight Cancellation Israel

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন